ভোটার তালিকা থেকে ৫৮ লাখ নাম গায়েব! সুপ্রিম কোর্টে লড়াইয়ের হুঁশিয়ারি মমতার, পাল্টা তোপ শুভেন্দুর

বঙ্গে ভোটের বাদ্যি বাজার আগেই ভোটার তালিকা সংশোধন নিয়ে রণক্ষেত্র রাজ্য রাজনীতি। ভবানীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ তুলেছেন যে, ভোটার তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই অন্যায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই চালিয়েছেন বলে দাবি করেন। তাঁর আশঙ্কা, আগামী ২৮ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হলে বহু মানুষ নিজেদের নাম খুঁজে পাবেন না।

মুখ্যমন্ত্রীর এই আক্রমণের পালটা জবাব দিতে দেরি করেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে তিনি প্রশ্ন তোলেন, “সবই যদি ঠিক থাকে, তবে মুখ্যমন্ত্রীকে কেন বারবার সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে?” তৃণমূলের গণতন্ত্রের বুলিকেও কটাক্ষ করেন তিনি। শুভেন্দুর হুঙ্কার, “এদের ঝাঁটিয়ে বিদায় করতে হবে।”

২৮ তারিখের ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ষড়যন্ত্র’ তত্ত্ব এবং অন্যদিকে শুভেন্দু অধিকারীর ‘বিদায়’ ঘণ্টা—সব মিলিয়ে তপ্ত বাংলার রাজনৈতিক মহল। ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে এই সংঘাত আগামী দিনে কোন মোড় নেয়, এখন সেটাই দেখার।