পরীক্ষা চলাকালীন টয়লেটে সন্তান প্রসব দশম শ্রেণির ছাত্রীর! মধ্যপ্রদেশের স্কুলে হুলস্থুল কাণ্ড

মধ্যপ্রদেশের ধর জেলায় বোর্ডের পরীক্ষা চলাকালীন এক অভাবনীয় ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা চলাকালীন পিথমপুরের একটি স্কুলে এক নাবালিকা ছাত্রী সন্তান প্রসব করেন। পরীক্ষার মাঝেই আচমকা পেটে তীব্র যন্ত্রণা শুরু হওয়ায় ওই ছাত্রী টয়লেটে যান এবং সেখানেই একটি শিশুর জন্ম দেন। ঘটনার আকস্মিকতায় স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি অ্যাম্বুল্যান্স ও পুলিশে খবর দেয়।

হাসপাতাল ও স্কুল সূত্রে খবর: পিথমপুর কমিউনিটি হেলথ সেন্টারের স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রশান্ত কাজভে জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ ওই নাবালিকা ও নবজাতককে হাসপাতালে আনা হয়। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, গত ২৪ তারিখ থেকেই ওই ছাত্রী স্বাভাবিকভাবে পরীক্ষা দিচ্ছিল, তার শারীরিক কোনো অস্বস্তি নজরে আসেনি। কিন্তু মঙ্গলবার পরীক্ষা চলাকালীন যন্ত্রণায় চিৎকার করে উঠলে এই ঘটনাটি জানাজানি হয়।

পুলিশি তদন্ত ও ‘জিরো এফআইআর’: ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ একটি ‘জিরো কেস’ নথিভুক্ত করেছে। তদন্তকারী আধিকারিক চাঁদনি সিঙ্গার জানিয়েছেন, নাবালিকার বয়ান অনুযায়ী গত দু’বছর ধরে এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল। শারীরিক সম্পর্কের জেরে সে গর্ভবতী হয়ে পড়ে। প্রথমদিকে পরিবারের কাছে বিষয়টি গোপন রাখলেও শারীরিক পরিবর্তন দেখে বাবা-মায়ের সন্দেহ হয়। তবে চিকিৎসকরা গর্ভপাতের জন্য অনেক দেরি হয়ে গেছে বলে জানানোয় ওই নাবালিকা বোর্ডের পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেয়। সময়ের কিছুটা আগেই সে সন্তান প্রসব করেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো (POCSO) আইন ও অন্যান্য ধারায় মামলা দায়ের করে তল্লাশি শুরু করেছে পুলিশ।