টিমে সঞ্জু বাদ পড়ছেন অভিষেক? জিম্বাবোয়ের বিরুদ্ধে কেমন হবে প্লেয়িং ইলেভেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সমীকরণ এখন বেশ জটিল। জিম্বাবুয়ের বিরুদ্ধে কেবল জয় নয়, রান রেটের দিকেও কড়া নজর রাখতে হবে সূর্যকুমার যাদবদের। এমন এক মরণ-বাঁচন পরিস্থিতিতে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও জিম্বাবুয়ে। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন— ভারতের ব্যাটিং অর্ডারে কি বড় কোনো সার্জারি হতে চলেছে?

ফ্লপ শো বনাম নতুন সম্ভাবনা চলতি বিশ্বকাপে তরুণ তুর্কি অভিষেক শর্মার ব্যাট কার্যত শান্ত। ৪ ম্যাচে মাত্র ১৫ রান (গড় ৩.৭৫) তাঁর জায়গা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অন্যদিকে তিলক ভার্মার পাওয়ার-প্লে স্ট্রাইক রেট (১১৮) টি-টোয়েন্টি সুলভ নয়। এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসনকে ওপেনিংয়ে খেলানোর জোরালো দাবি উঠছে। ব্যাটিং কোচ শীতাংশু কোটাকও ইঙ্গিত দিয়েছেন, “শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলেও ব্যাটিং অর্ডারে বৈচিত্র্য আনতে সূর্যকুমারকে ৩ নম্বরে এবং তিলকের জায়গায় কোনো ফিনিশারকে খেলানোর আলোচনা চলছে।”

চিপকের পিচ ও প্রতিপক্ষের চ্যালেঞ্জ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ এবার ব্যাটিং সহায়ক। নিউজিল্যান্ড এই মাঠেই ১৮০ রান তাড়া করে জিতেছে। ফলে বড় রানের আশা থাকছে ভারতের থেকেও। তবে জিম্বাবুয়ের ফাস্ট বোলিং ত্রয়ী— ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগারভা এবং ব্র্যাড ইভান্স তাঁদের গতি ও বাউন্স দিয়ে ভারতীয় টপ অর্ডারকে বিপাকে ফেলতে পারেন। যদিও সিকান্দার রাজাদের স্পিন আক্রমণ ভারতের জন্য খুব একটা বড় বাধা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বোলিংয়ে স্বস্তি, ফিরছেন অক্ষর বোলিং বিভাগ নিয়ে ভারতের চিন্তা কম। জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী আগুনে ফর্মে রয়েছেন। সবথেকে বড় খবর হলো, সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল একাদশে ফিরছেন। তবে তাঁর প্রত্যাবর্তনে কোপ পড়তে পারে ওয়াশিংটন সুন্দরের ওপর। অভিষেক, রিঙ্কু এবং তিলকের মধ্যে কার কপাল পুড়বে, তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।

একনজরে ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা/ঋষভ পন্থ, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা/রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।