হায়দরাবাদি বিরিয়ানি থেকে কুর্গি চিকেন; বিজয়-রশ্মিকার রাজকীয় বিয়ের মেনুতে এলাহি আয়োজন!

দীর্ঘ অপেক্ষার অবসান! পর্দার ‘গীতা গোবিন্দম’ জুটি এবার বাস্তবেও এক হতে চলেছেন। আজ বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুরের এক নির্জন প্রাসাদে সাতপাকে বাঁধা পড়ছেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবকোন্ডা এবং ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা। খুব ঘনিষ্ঠ বৃত্তে বিয়ের অনুষ্ঠান হলেও এই হাই-প্রোফাইল বিয়ে নিয়ে এখন গোটা দেশ উত্তেজিত। এমনকি বুধবার রাতেই এক্স (টুইটার) হ্যান্ডেলে এই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজকীয় মেনু: কর্ণাটক থেকে অন্ধ্রপ্রদেশের স্বাদ
বিজয় ও রশ্মিকার বিয়ের ভোজ হবে আক্ষরিক অর্থেই রাজকীয়। রশ্মিকা কর্ণাটকের মেয়ে এবং বিজয় তেলেঙ্গনার ছেলে, তাই মেনুতে দুই রাজ্যের ঐতিহ্যের মেলবন্ধন ঘটানো হয়েছে। অতিথিদের স্বাগত জানানো হচ্ছে ডাবের জল দিয়ে। এরপর পাতে পড়ছে হায়দরাবাদি দম বিরিয়ানি, অন্ধ্রপ্রদেশের স্পেশাল চিকেন কারি ‘নাটু কোডি পুলুস’, এবং মুচমুচে ‘কিমা সামোসা’। ডালের পদে থাকছে দক্ষিণ ভারতীয় স্বাদের ‘পাপ্পু’।

কলাপাতায় পরিবেশন ও কুর্গি ছোঁয়া
রশ্মিকার জন্মস্থান কুর্গের ঐতিহ্য বজায় রাখতে মেনুতে রাখা হয়েছে ‘কদম্বুটু’ এবং বিখ্যাত ‘পান্ডি কারি’। বিশেষত্ব হলো, সমস্ত খাবার অতিথিদের পরিবেশন করা হচ্ছে সাবেকি কায়দায় কলাপাতায়। শেষ পাতে মিষ্টিমুখের জন্য থাকছে জিভে জল আনা ‘মাইশোর পাক’। শুধু দেশি নয়, প্রাক-বিবাহ অনুষ্ঠানে অতিথিদের জন্য জাপানি খাবারেরও বিশেষ আয়োজন করেছিলেন এই তারকা জুটি।

হলদি থেকে রিসেপশন: সূচি এক নজরে
উদয়পুর থেকে ৩০ কিমি দূরের এক প্রাসাদে বুধবারই সুসম্পন্ন হয়েছে হলদি ও মেহেন্দি অনুষ্ঠান। জমকালো সঙ্গীত অনুষ্ঠানে কোমর দুলিয়েছেন হবু দম্পতি ও তাঁদের পরিবার। আজ বৃহস্পতিবার সকালে বিয়ের মূল অনুষ্ঠান সেরে আগামী ৪ মার্চ হায়দরাবাদে একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন বিজয়-রশ্মিকা, যেখানে চলচ্চিত্র জগতের নক্ষত্ররা উপস্থিত থাকবেন বলে খবর।