দোলে বাড়ি ফেরার চিন্তা শেষ! উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে ১২৮টি স্পেশাল ট্রেনের ধামাকা

আসন্ন দোল বা হোলির ছুটিতে যাত্রীদের ঘরে ফেরার আনন্দকে দ্বিগুণ করতে বড় ঘোষণা করল ভারতীয় রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) জানিয়েছে, উৎসবের মরশুমে ভিড় সামাল দিতে এবং আরামদায়ক সফর নিশ্চিত করতে ১৪ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে, যা মোট ১২৮টি ট্রিপ সম্পন্ন করবে। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকেই হোলি স্পেশাল হিসেবে ১১ জোড়া ট্রেন চলাচল শুরু করেছে। এবার যাত্রীদের সুবিধার্থে আরও তিনটি রুটে স্পেশাল ট্রেনের সময়সূচী প্রকাশ করা হলো।
স্পেশাল ট্রেনের বিস্তারিত সময়সূচী:
টাটানগর–কাটিহার–টাটানগর (০৮১৮১/০৮১৮২): টাটানগর থেকে ২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রতি সোমবার দুপুর ১:৩০ মিনিটে ট্রেনটি ছাড়বে। ফিরতি পথে কাটিহার থেকে ৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতি মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে ট্রেনটি রওনা দেবে। এই রুটে মোট ৫টি ট্রিপ চলবে।
আগরতলা–গুয়াহাটি–আগরতলা (০৫৬২৮/০৫৬২৭): আগরতলা থেকে ৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ট্রেন ছাড়বে। ফিরতি পথে গুয়াহাটি থেকে ৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রতি শুক্রবার দুপুর ১:১৫ মিনিটে ট্রেনটি আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। এই রুটে ৪টি ট্রিপ নির্ধারিত হয়েছে।
কিষাণগঞ্জ–লালকুঁয়া–কিষাণগঞ্জ (০৫৭৪১/০৫৭৪২): কিষাণগঞ্জ থেকে ৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার সকাল ৮:৩০ মিনিটে ট্রেনটি ছাড়বে। ফিরতি পথে লালকুঁয়া থেকে ৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রতি শুক্রবার রাত ৮:৪০ মিনিটে কিষাণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে।
যাত্রী সুরক্ষায় বাড়তি নজর
রেল সূত্রের খবর, কেবল ট্রেন চালানোই নয়, স্টেশনগুলোতে ভিড় সামলাতে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। পানীয় জলের পর্যাপ্ত জোগান, প্ল্যাটফর্মে শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত রেলকর্মী ও আরপিএফ মোতায়েন করা হচ্ছে। এছাড়াও যাত্রীদের সহায়তার জন্য খোলা হয়েছে বিশেষ হেল্প ডেস্ক। রেলের লক্ষ্য একটাই—উৎসবের মরশুমে প্রতিটি যাত্রী যেন সুরক্ষিত ও আরামদায়কভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন।