হারলেই বিদায়! জিম্বাবোয়ের বিরুদ্ধে ‘মরণ-বাঁচন’ ম্যাচে টিম ইন্ডিয়ায় ৩ বদল? ছিটকে যাচ্ছেন অভিষেক-তিলক!

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের পর খাদের কিনারে দাঁড়িয়ে ভারত। আগামীকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচটি টিম ইন্ডিয়ার জন্য কার্যত ‘ডু অর ডাই’। এই হাই-ভোল্টেজ ম্যাচে হারের অর্থ গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্ট থেকে বিদায়। এমন সংকটজনক পরিস্থিতিতে দলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। জিম্বাবোয়ে ম্যাচে ভারতীয় একাদশে তিনটি রদবদল ঘটিয়ে ভাগ্য ফেরাতে চাইছে গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন এই দল।

প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে উঠতে ওপেনিং জুটি নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট। পুরো টুর্নামেন্টে ফ্লপ হওয়া অভিষেক শর্মা এবং মিডল অর্ডারে রান না পাওয়া তিলক ভার্মাকে নিয়ে চিন্তায় রয়েছে দল। নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে সঞ্জু স্যামসনকে। কোটাকের বয়ান অনুযায়ী, তিলক বা অভিষেকের জায়গায় সঞ্জুর অন্তর্ভুক্তির সম্ভাবনা প্রবল। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর ফাটকা কাজে না লাগায়, অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে আবারও একাদশে ফিরিয়ে আনা হতে পারে।

সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে ফিনিশার রিঙ্কু সিংকে নিয়ে। সীতাংশু কোটাক আশাপ্রকাশ করেছেন যে রিঙ্কু আগামীকালের মধ্যে পুরোপুরি ফিট হয়ে ফিরবেন। তবে তিনি খেলবেনই এমন নিশ্চিত বার্তা না দিলেও, ব্যাটিং শক্তি বাড়াতে তাঁকে দলে রাখার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফদের। ভারতের সেমিফাইনাল ভাগ্য এখন নিজেদের জয় এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে। এখন দেখার, জিম্বাবোয়ের বিরুদ্ধে এই মরণ-বাঁচন লড়াইয়ে গুরু গম্ভীরের তুরুপের তাস কারা হন।