বলিউড হিরোদেরও ‘বাপ’! খাসির মাংস খাইয়ে বড় প্রযোজকের হাতে সাবান-জল তুলে দিয়েছিলেন নানা, কেন জানেন?

বলিউডে নানা পাটেকর মানেই এক অদ্ভুত ব্যক্তিত্ব। পর্দায় তাঁর তেজ যেমন দর্শকদের বুক কাঁপায়, বাস্তব জীবনেও তাঁর স্পষ্টবক্তা ও একরোখা স্বভাবের কথা কারোর অজানা নয়। সম্প্রতি অভিনেতা পরেশ রাওয়ালের একটি পুরনো সাক্ষাৎকারের অংশ ভাইরাল হতেই নানার ব্যক্তিত্বের এক দুর্ধর্ষ দিক প্রকাশ্যে এসেছে। জানা গেছে, এক প্রভাবশালী প্রযোজককে নিজের বাড়িতে ডেকে স্রেফ হাতে ধরে এঁটো বাসন মাজিয়েছিলেন তিনি!
পরেশ রাওয়াল সেই সাক্ষাৎকারে জানান, নানা পাটেকর ইন্ডাস্ট্রির প্রথাগত অভিনেতাদের মতো ছিলেন না। তিনি নিজের সম্মান ও পারিশ্রমিক— দুটোর ব্যাপারেই ছিলেন আপসহীন। পরেশ বলেন, “নানা তাঁর সময়ে প্রথম চরিত্রাভিনেতা হিসেবে ১ কোটি টাকা পারিশ্রমিক চাওয়ার সাহস দেখিয়েছিলেন এবং সেটা আদায়ও করেছিলেন।” এরই মধ্যে এক মজাদার ঘটনার কথা উল্লেখ করেন পরেশ। তাঁর দাবি, এক প্রযোজক নানার বাড়িতে গিয়েছিলেন কাজ নিয়ে। নানা তাঁকে যত্ন করে খাসির মাংস রেঁধে খাওয়ান। খাওয়া শেষ হতেই নানা সোজাসুজি বলেন, “খাওয়া তো হলো? এবার বাসনগুলো মেজে দিন।” সেই প্রযোজক নাকি সত্যিই মুখ বুজে বাসন পরিষ্কার করেছিলেন!
পরেশের ভাষায়, “এটাই নানা পাটেকর! ও সবার বাবা।” আসলে নানা কাউকেই বাড়তি গুরুত্ব দিতে নারাজ, তা তিনি যত বড় প্রযোজকই হোন না কেন। নিজের মর্যাদা ও জেদ বজায় রাখতেই তিনি এমনটা করেছিলেন বলে মনে করা হয়। প্রসঙ্গত, পরেশ রাওয়াল নিজেও ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে পারিশ্রমিক বিতর্কের কারণে কাজ করেননি। সেই প্রেক্ষাপটেই তিনি নানার এই সাহসিকতার উদাহরণ টেনে আনেন। এই দুই অভিজ্ঞ অভিনেতা ‘ওয়েলকাম’ থেকে ‘গুলাম-ই-মুস্তাফা’—একাধিক সুপারহিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন।