‘নিয়তির অন্য ইচ্ছে ছিল…’ পরমব্রতর হঠাৎ এমন পোস্টে জল্পনা! ২৫ বছর পর কেন ফিরলেন পুরনো স্টুডিওতে?

সম্প্রতি ভাষা দিবসের দিন মাননীয়া মুখ্যমন্ত্রীর হাত থেকে ‘বঙ্গভূষণ’ সম্মান পেয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। জীবনের এই অন্যতম বড় প্রাপ্তির রেশ কাটতে না কাটতেই এবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন এক পোস্ট শেয়ার করলেন তিনি। ফিরে গেলেন ২৫ বছর আগের এক পুরনো স্মৃতিতে। কেনই বা লিখলেন, “নিয়তির অন্য কিছু ইচ্ছে ছিল”?
বুধবার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে পরমব্রত জানান, ১৯৯৯ সালের নভেম্বরের এক শেষ বিকেলে তিনি প্রথমবার ইন্দ্রপুরী স্টুডিওর ভেতরে পা রেখেছিলেন। অঞ্জন দত্তের ‘হাফ চকলেট’ টেলিফিল্মের মাধ্যমে ক্যামেরার সামনে প্রথম দাঁড়ানো। অভিনেতা লেখেন, “আমি সবসময় ছবি বানাতে চেয়েছিলাম। অভিনেতা হওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। কিছুটা পকেট মানি পাওয়ার লোভেই কাজে নামা। কিন্তু নিয়তির অন্য ইচ্ছে ছিল।” এরপরই দেড় বছরের মধ্যে তিনি ‘এক আকাশের নিচে’ বা ‘মৈনাক উপাখ্যান’-এর মতো জনপ্রিয় কাজের মাধ্যমে হয়ে ওঠেন বাংলা টেলিভিশনের হার্টথ্রব।
দীর্ঘ ১৫ বছর পর আবারও সেই চেনা ইন্দ্রপুরী স্টুডিওতে ফিরে নস্টালজিক হয়ে পড়েছেন অভিনেতা। তিনি ইঙ্গিত দিয়েছেন, খুব শীঘ্রই বড় কোনো প্রজেক্টের ঘোষণা করতে চলেছেন তিনি। পরমব্রতর এই পোস্টে মন্তব্য করেছেন পার্নো মিত্র ও মনামী ঘোষের মতো সহকর্মীরাও। ২৫ বছরের অভিনয় জীবনের চড়াই-উতরাই পেরিয়ে আজ তিনি রাজ্যের অন্যতম সেরা নাগরিক সম্মানে ভূষিত। তাঁর কথায়, “স্মৃতি সততই সুখের। আমরা সবাই সময়ের হাতে বন্দি।” এখন দেখার, ইন্দ্রপুরী স্টুডিওতে ফিরে ঠিক কী নতুন চমক নিয়ে আসেন পর্দার ‘ফেলুদা’।