ডুয়ার্সে ‘অ্যাম্বুলেন্স দাদা’ দেব! শুটিং দেখতে উপচে পড়া ভিড়, মালবাজার হাসপাতালে কোন দৃশ্য ক্যামেরাবন্দি হল?

উত্তরবঙ্গের ডুয়ার্সের মাটিতে আবারও শুরু হলো টলিউডের মেগা শুটিং। পদ্মশ্রী করিমুল হকের অনুপ্রেরণামূলক জীবনকাহিনি নিয়ে তৈরি ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ (B.A.D)-র আউটডোর শুটিংয়ে উত্তরবঙ্গে পা রাখলেন সুপারস্টার দেব। গত দু’দিন ধরেই মালবাজার, চালসা ও সংলগ্ন এলাকায় জোরকদমে কাজ চলছে। বিশেষ করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে দেবের উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল হাসপাতাল চত্বর। সকাল ৮টা ২০ মিনিটে নিরাপত্তা বলয়ের মধ্যে শুটিং সেটে পৌঁছান অভিনেতা-সাংসদ দেব। খবর চাউর হতেই প্রিয় তারকাকে একঝলক দেখতে ভিড় জমান কয়েক হাজার মানুষ। ছবিতে করিমুল হকের চরিত্রে অভিনয়ের জন্য দেবকে দেখা গেছে একেবারে সাধারণ পোশাকে, যা বাস্তবের করিমুল হকের সাদামাটা জীবনকেই প্রতিফলিত করে। সারাদিন একই পোশাকে বাইক চালিয়ে চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন তিনি।
এদিন মূলত একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং সম্পন্ন হয়— যেখানে দেখা যায়, দেব নিজের বাইক অ্যাম্বুলেন্সে একজন মুমূর্ষু রোগীকে নিয়ে দ্রুত গতিতে হাসপাতালে ঢুকছেন। যেভাবে বছরের পর বছর করিমুল হক প্রত্যন্ত গ্রামের মানুষের প্রাণ বাঁচিয়েছেন, সেই দৃশ্যটিই অত্যন্ত নিপুণভাবে ক্যামেরাবন্দি করেছেন পরিচালক বিনয় মুদগিল। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও নন্দী মুভিজের ব্যানারে নির্মিত এই ছবিটি নিয়ে উত্তরবঙ্গবাসীর পাশাপাশি গোটা বাংলার দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। আগামী কয়েকদিন ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে ছবির আরও কিছু গুরুত্বপূর্ণ অংশের চিত্রায়ন হবে।