রশ্মিকা-বিজয়ের রাজকীয় বিয়েতে খোদ প্রধানমন্ত্রীর বার্তা! উদয়পুরে বসছে চাঁদের হাট, কী লিখলেন মোদী?

দীর্ঘদিনের জল্পনা ও কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামিকাল, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী মেগাস্টার বিজয় দেবেরাকোন্ডা এবং ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মান্দানা। গত বছর অক্টোবর মাসেই হায়দরাবাদে আংটি বদল সেরেছিলেন এই জুটি। এবার সেই সম্পর্কের আনুষ্ঠানিক শিলমোহর পড়তে চলেছে রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে।
এই হাই-প্রোফাইল বিয়ের আগেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে চমক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পাঠানো সেই বার্তায় লেখা রয়েছে, এটি তাঁদের জীবনের এক সুন্দর অধ্যায়ের সূচনা। সংস্কৃত মন্ত্র ‘সখা সপ্তপদা ভব’-এর উল্লেখ করে মোদী তাঁদের আজীবনের সঙ্গী হওয়ার এই বন্ধনকে ভালোবাসা ও শ্রদ্ধায় ভরিয়ে রাখার আশীর্বাদ দিয়েছেন। বিজয়ের টিমের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিশেষ শুভেচ্ছাবার্তাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
উদয়পুর শহর থেকে ২৫ কিমি দূরে পাহাড় ঘেরা এক বিলাসবহুল রিসোর্টে আয়োজন করা হয়েছে এই রাজকীয় বিয়ের। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও খামতি রাখছে না পরিবার। স্থানীয় পুলিশ ও হায়দরাবাদ থেকে আসা বাউন্সার ছাড়াও একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা গোটা চত্বর নজরে রাখছে। দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মেনে বিয়ে হলেও খাবারের মেনুতে থাকছে আধুনিকতার ছোঁয়া। জাপানি কুজিন থেকে শুরু করে আন্তর্জাতিক নানা পদের সমাহার থাকছে আমন্ত্রিত ১০০ জন ঘনিষ্ঠ অতিথির জন্য। ‘ভিরোশ’ জুটির এই নতুন সফরের সাক্ষী থাকতে হাজির থাকতে পারেন তেলঙ্গানার কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বও।