‘ভোটার তালিকা নিয়ে ছেলেখেলা করছে কমিশন’, এসআইআর নিয়ে বিস্ফোরক সুজন চক্রবর্তী

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ আরও শানাল সিপিআই(এম)। বুধবার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিযোগ করেন, ভোটার তালিকা নিয়ে রীতিমতো ‘ছেলেখেলা’ করছে কমিশন। তাঁর আশঙ্কা, এই প্রক্রিয়ার জেরে বহু যোগ্য ও ন্যায্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে, যা গণতন্ত্রের জন্য চরম অবমাননাকর।
সুজনবাবু মনে করেন, কমিশন স্বাধীনভাবে কাজ না করে বিজেপির অঙ্গুলিহেলনে চলছে। এসআইআর প্রক্রিয়ায় নথি যাচাইয়ের জন্য বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করার সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন তিনি। তাঁর প্রশ্ন, “যদি যোগ্য ভোটারের নাম বাদ যায়, তবে সেই দায় কার? আধিকারিকদের নাকি কমিশনের?” তিনি আরও সতর্ক করে বলেন, পশ্চিমবঙ্গের মানুষকে অসমের মতো ‘ডি-ভোটার’ বা সন্দেহভাজন ভোটার হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হলে সাধারণ মানুষ তা মুখ বুজে সহ্য করবে না।
আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেওয়ার সময়সীমা নিয়েও সরব হয়েছেন এই বাম নেতা। তিনি জানান, ১৪ ফেব্রুয়ারির পর যদি কোনও যোগ্য নাগরিকের নথি গ্রহণ না করা হয়, তবে তা হবে একটি ‘ভয়াবহ অপরাধ’। সুজন চক্রবর্তীর দাবি, কমিশন মানুষের ভোটাধিকারকে বিড়ম্বনার মধ্যে ফেলছে এবং বারবার নিয়ম পরিবর্তন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। আগামী নির্বাচনে মানুষ ব্যালট বক্সেই এর যোগ্য জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।