তেল মাখানো থেকে স্নানের তোয়ালে! বিএসএনএল ডিরেক্টরের ‘রাজকীয় সেবা’ দেখে মেজাজ হারালেন সিন্ধিয়া

বিএসএনএল (BSNL)-এর এক শীর্ষকর্তার প্রয়াগরাজ ভ্রমণের ‘বিলাসবহুল’ আয়োজন ঘিরে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সংস্থার ডিরেক্টর বিবেক বানজালের দু’দিনের ভ্রমণে যেভাবে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ডিভিশনাল ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রায় ৫০ জন কর্মীকে তাঁর ব্যক্তিগত ‘সেবা’য় নিযুক্ত করা হয়েছিল, তাতে ক্ষুব্ধ কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বুধবার তিনি স্পষ্ট জানিয়েছেন, “এটি অত্যন্ত অনুচিত এবং প্রতিষ্ঠিত নিয়মের পরিপন্থী। আমার কাছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
ঠিক কী ঘটেছিল? গত ২৫-২৬ ফেব্রুয়ারি প্রয়াগরাজ ভ্রমণে গিয়েছিলেন ৮৭ ব্যাচের কর্মকর্তা বিবেক বানজাল। কিন্তু তাঁর সফরের জন্য জারি করা একটি সরকারি নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, ডিরেক্টরের স্নান থেকে শুরু করে মন্দিরে পুজো দেওয়া—প্রতিটি ধাপের জন্য আলাদা আলাদা ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তালিকায় চুলের তেল, চিরুনি, টুথপেস্ট, এমনকি অন্তর্বাস এবং চপ্পল গুছিয়ে রাখার জন্যও লোক নিযুক্ত ছিল। আটটি স্নানের কিটের ব্যবস্থা করা হয়েছিল, যার তদারকির দায়িত্বে ছিলেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। ঘটনার জেরে নির্ধারিত সময়ের একদিন আগেই সফরটি বাতিল করা হয়। বিএসএনএল-এর পক্ষ থেকেও এক বিবৃতিতে জানানো হয়েছে যে, এই ঘটনা তাঁদের পেশাদার মানের পরিপন্থী এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মীদের কঠোরভাবে আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সংস্থায় করদাতাদের টাকায় এই ধরনের ‘সামন্ততান্ত্রিক’ আচরণ নিয়ে এখন সরব আমজনতা।