রেড ফোর্ট অ্যাটাক: আল-কায়েদা যোগে দুই অভিযুক্তের ভাগ্য নির্ধারণ! বড় রায় পাতিয়ালা হাউস কোর্টের

২০২৫ সালের নভেম্বরে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা সংলগ্ন এলাকায় হওয়া ভয়াবহ আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় বড়সড় মোড়। বুধবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট এই ঘটনার অন্যতম দুই অভিযুক্ত তুফাইল আহমেদ ভাট এবং জমির আহমেদ আহাঙ্গারকে ১০ দিনের জন্য এনআইএ (NIA) হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ১৫ দিনের হেফাজত চাইলেও আদালত প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন মঞ্জুর করেছে।

তদন্তকারীদের দাবি, এই দুই অভিযুক্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার গাজাওয়াত উল হিন্দ’ (AGH)-এর সক্রিয় সদস্য। এই সংগঠনটি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে যুক্ত বলে পরিচিত। গত ১০ নভেম্বর সন্ধ্যায় ফরিদাবাদের এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ঘটানো সেই আত্মঘাতী বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়েছিল। এনআইএ-র অভিযোগ, ধৃত তুফাইল ও জমির সেই বৃহত্তর ষড়যন্ত্রের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এবং তাঁরা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করছিলেন। বিশেষ করে উমর, ইরফান ও আদিল নামে তিন ব্যক্তির কাছ থেকে রাইফেল ও পিস্তল সংগ্রহের প্রমাণ মিলেছে, যা আগামী দিনে আরও বড় কোনও নাশকতার ইঙ্গিত দিচ্ছে।

এনআইএ জানিয়েছে, ধৃতদের জেরা করে কাশ্মীর থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত এই জঙ্গি নেটওয়ার্কের মূল মাথাদের খুঁজে বের করাই এখন প্রধান লক্ষ্য। বিশেষ করে লস্কর-ই-তৈবার মতো গোষ্ঠীগুলি যখন লালকেল্লা ও চাঁদনি চকের মন্দিরে নতুন করে আইইডি (IED) হামলার ছক কষছে, তখন এজিএইচ-এর এই সদস্যদের গ্রেফতারি দিল্লির নিরাপত্তার খাতিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত স্পষ্ট করেছে যে, নাশকতার বৃহত্তর চক্র উন্মোচন করতে কেন্দ্রীয় সংস্থাকে সবরকম সহযোগিতা করা হবে।