আইআইএম নাগপুরে রণক্ষেত্র! ৩০০ পড়ুয়ার পরীক্ষা বয়কট, তুঙ্গে হোস্টেলের কড়াকড়ি নিয়ে সংঘাত

নিয়ম ভাঙার শাস্তি হিসেবে পরীক্ষা দিতে বাধা! মহারাষ্ট্রের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) নাগপুরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে বেনজির অচলাবস্থা তৈরি হয়েছে। প্রথম বর্ষের প্রায় ৩০০ জন এমবিএ পড়ুয়া সম্মিলিতভাবে মিড-টার্ম পরীক্ষা বয়কট করায় বুধবার উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। বিদায়ী অনুষ্ঠানে যোগ দেওয়া এবং হোস্টেলের সময়সীমা লঙ্ঘন— এই দুই অভিযোগে প্রশাসনের কড়া পদক্ষেপের প্রতিবাদেই এই ধর্মঘট।
ঘটনার সূত্রপাত গত ২১ ফেব্রুয়ারি। অভিযোগ, প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রায় ৭৫ জন পড়ুয়া ক্যাম্পাসের বাইরে সিনিয়রদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কর্তৃপক্ষের দাবি, অনুষ্ঠানটির জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। শুধু তাই নয়, হোস্টেলের নিয়ম অনুযায়ী রাত ১০টার মধ্যে ফেরার কথা থাকলেও ওই পড়ুয়ারা পরদিন ভোরে ফিরেছিলেন। এই ‘গুরুতর’ শৃঙ্খলাভঙ্গের দায়ে মঙ্গলবার ৪০ জন পড়ুয়াকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এর পরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। শাস্তিপ্রাপ্তদের সমর্থনে প্রথম বর্ষের প্রায় ৩০০ জন পড়ুয়া পরীক্ষা বয়কট করে ক্যাম্পাসে নীরব প্রতিবাদ শুরু করেন।
পড়ুয়াদের অভিযোগ, নিয়ম ভঙ্গের শাস্তি হতে পারে, কিন্তু সরাসরি পরীক্ষায় বসতে না দেওয়া ‘অতিরিক্ত কঠোর’ পদক্ষেপ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে তড়িঘড়ি বৈঠকে বসে আইআইএম প্রশাসন। ডিরেক্টর শহরের বাইরে থাকলেও পদস্থ আধিকারিকরা আলোচনার মাধ্যমে জট কাটানোর চেষ্টা করেন। অবশেষে কর্তৃপক্ষ কিছুটা নমনীয় হয়ে জানায়, দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা বুধবারের পরীক্ষায় অংশ নিয়েছেন এবং প্রথম বর্ষের যাঁদের পরীক্ষা বাতিল হয়েছিল, তাঁদের জন্য নতুন দিন ঘোষণা করা হবে। তবে এই ঘটনা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ‘শাসন বনাম সংলাপ’ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।