পকেটে টাকা থাকলেও খুলবে না ব্যারিয়ার! ন্যাশনাল হাইওয়েতে আসছে ফাস্টট্যাগ-ইউপিআই-এর মহাবিপ্লব

জাতীয় সড়কে যাতায়াতকারী গাড়িচালকদের জন্য বড়সড় পরিবর্তনের ঘণ্টা বেজে গেল। আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে দেশের জাতীয় সড়কের টোল প্লাজাগুলিতে নগদ লেনদেনের ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হতে চলেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট ওই তারিখের পর থেকে টোল ফি মেটানোর জন্য শুধুমাত্র ডিজিটাল মাধ্যমই হবে একমাত্র ভরসা। অর্থাৎ, আপনার পকেটে হাজার টাকা থাকলেও ফাস্টট্যাগ (FASTag) বা ইউপিআই (UPI) ছাড়া পার হওয়া যাবে না টোল গেট।
বর্তমানে দেশের প্রায় ৯৮ শতাংশ গাড়িতে ফাস্টট্যাগ থাকলেও, বাকি ২ শতাংশের নগদ মেটানোর চক্করে টোল প্লাজাগুলিতে লম্বা লাইন পড়ে। খুচরো পয়সা দেওয়া-নেওয়া নিয়ে অনেক সময় কর্মী ও চালকদের মধ্যে বচসা বাধে, যা যানজটকে আরও বাড়িয়ে দেয়। মন্ত্রকের দাবি, সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা চালু হলে টোল আদায়ের হিসেবে স্বচ্ছতা আসবে এবং যাতায়াত হবে একদম নিরবচ্ছিন্ন।
নতুন নিয়মে জরিমানার খাঁড়াও আরও ধারালো হতে পারে। বর্তমানে ফাস্টট্যাগ না থাকলে নগদে দ্বিগুণ টাকা দিতে হয়, আর ইউপিআই-এ দিতে হয় ১.২৫ গুণ। কিন্তু ১ এপ্রিল থেকে ডিজিটাল মাধ্যমে লেনদেন বাধ্যতামূলক করার লক্ষ্যে এই জরিমানার হার আরও বাড়িয়ে চালকদের ফাস্টট্যাগে অভ্যস্ত করার কথা ভাবছে কর্তৃপক্ষ। দেশের ১,১৫০টিরও বেশি টোল প্লাজা সম্পূর্ণ ‘ক্যাশলেস’ হয়ে গেলে হাইওয়েতে গাড়ির গতি যেমন বাড়বে, তেমনই কমবে জ্বালানির অপচয়।