কেরলম-কে স্বাগত, মমতার অভিযোগ ‘ব্যক্তিগত’! ভারতীয় জাদুঘরে দাঁড়িয়ে বড় বার্তা রাজ্যপালের

২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক আগেই রাজ্যের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার কলকাতার ভারতীয় জাদুঘরে ‘শান্তি, শুদ্ধি, সমৃদ্ধি’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “বাংলায় হিংসা ও দুর্নীতি এখন ক্যানসারের রূপ নিয়েছে। এই ব্যাধিকে সমূলে উৎপাটন করা জরুরি, না হলে বাংলাকে বাঁচানো যাবে না।”
রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত কয়েক বছরে একাধিক নির্বাচনের রক্তক্ষয়ী হিংসার সাক্ষী থেকেছেন বোস। সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রার্থনা করেন, আসন্ন বিধানসভা নির্বাচন যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ হয়। রাজ্যপাল সাফ জানান, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের গায়ে এই চুরির তকমা ও রক্তারক্তি মানায় না। তাঁর মতে, তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এই কলঙ্ক মুছতে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিতর্কিত ইস্যুতে মুখ খোলেন তিনি। ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় ভিনরাজ্যের বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগের সুপ্রিম নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, “আদালত সবটাই পর্যবেক্ষণ করছে। কোনও ত্রুটি থাকলে তা ধাপে ধাপে সংশোধন করা হবে।” অন্যদিকে, কেরল রাজ্যের নাম বদলে ‘কেরলম’ হওয়াকে স্বাগত জানালেও, এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা বৈষম্যের অভিযোগকে ‘ব্যক্তিগত অভিমত’ বলে এড়িয়ে যান তিনি। হাওড়ার পিলখানায় সাম্প্রতিক খুনের ঘটনার ওপরও তিনি কড়া নজর রাখছেন বলে আশ্বস্ত করেন। রাজ্যপালের এই ‘ক্যানসার’ মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।