২৮ তারিখের তালিকায় নাম না থাকলে কী হবে? ভবানীপুর থেকে ‘ছুপা রুস্তম’দের হুঁশিয়ারি মমতার!

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে দাঁড়িয়ে ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে জৈন ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও একটি পক্ষ ‘ছুপা রুস্তম’-এর মতো চুপিচুপি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

ভোটার তালিকা নিয়ে বড় দাবি: রাজ্যে চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি রুখে না দাঁড়ালে অন্তত ১ কোটি ২০ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যেত। আদালত নির্দেশ দিলেও এরা গণতন্ত্রকে নষ্ট করতে চাইছে।” আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। সেই প্রসঙ্গে মমতা আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমি জানি না ২৮ তারিখ তালিকা বেরনোর পর যাঁদের নাম থাকবে না, তাঁরা কী বলবেন! আমি চাই মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকুক।”

সম্প্রীতির বার্তা ও ডান্ডিয়া খেলার ঘোষণা: ভবানীপুরকে ‘মিনি ইন্ডিয়া’ হিসেবে বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলেন, এখানে সব ধর্মের মানুষ শান্তিতে বাস করেন। তিনি এদিন একটি ‘মানস স্তম্ভ’ উদ্বোধন করেন এবং জানান এটি অহংকার ত্যাগের প্রতীক। আসন্ন উৎসবের মরসুম নিয়ে তিনি বলেন, “রমজান মাস চলছে, সামনেই দোল ও হোলি। এবার আমরা বড় করে হোলি উৎসব পালন করব, সেখানে আমি নিজে ডান্ডিয়া খেলব।” রাজনৈতিক লড়াইয়ের মাঝেও এদিন মুখ্যমন্ত্রীর গলায় সামাজিক সম্প্রীতি ও সেবার সুর ফুটে ওঠে।