ইতিহাস গড়ল বাংলাদেশ! কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরের কুর্সিতে প্রথমবার এক ব্যবসায়ী, কে এই মোস্তাকুর রহমান?

বাংলাদেশের আর্থিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়ের সূচনা হলো। এই প্রথম কোনো পেশাদার আমলা বা অর্থনীতিবিদ নন, বরং একজন সফল ব্যবসায়ী বসলেন কেন্দ্রীয় ব্যাঙ্কের সর্বোচ্চ পদে। বুধবার বাংলাদেশ ব্যাঙ্কের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মোঃ মোস্তাকুর রহমান। আহসান এইচ মনসুর পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই সরকারি বিজ্ঞপ্তিতে রহমানের নাম ঘোষণা করা হয়। আগামী চার বছরের জন্য তিনি এই দায়িত্ব সামলাবেন।

কে এই মোস্তাকুর রহমান? ৫৯ বছর বয়সি মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্সের ম্যানেজিং ডিরেক্টর এবং দেশের একজন প্রথম সারির রফতানিকারক। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (FCMA) হিসেবে তাঁর দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে উচ্চতর ডিগ্রিধারী রহমান এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং বিজিএমইএ-র গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শিল্প মহলে তিনি একজন দক্ষ আর্থিক বিশেষজ্ঞ হিসেবেই পরিচিত।

রাজনৈতিক পটভূমি ও পরিবর্তন: গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল জয়ের পর তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নেয় ১৭ ফেব্রুয়ারি। ক্ষমতা গ্রহণের পর থেকেই সামরিক ও বেসামরিক প্রশাসনে একগুচ্ছ রদবদল শুরু করেছে এই সরকার। ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আহসান এইচ মনসুরকে গভর্নর করা হলেও, রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে এবার সরাসরি ব্যবসায়িক জগত থেকে গভর্নর বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একজন ব্যবসায়ীর হাতে ব্যাঙ্কিং খাতের নিয়ন্ত্রক সংস্থা কতটা নিরপেক্ষ থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই বিশেষজ্ঞ মহলে চর্চা শুরু হয়েছে।