রেপো রেট নিয়ে আরআইআই-এর মাস্টারপ্ল্যান! মুদ্রাস্ফীতির চাপে কি বাড়বে ইএমআই? মুখ খুললেন সৌগত ভট্টাচার্য

বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং কাঁচামালের দাম বাড়লেও এখনই বাড়ছে না ঋণের কিস্তি। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির (MPC) বহিরাগত সদস্য সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, অদূর ভবিষ্যতে রেপো রেট বা সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বর্তমানে রেপো রেট ৫.২৫ শতাংশে স্থিতিশীল রয়েছে এবং রিজার্ভ ব্যাঙ্ক তাদের ‘নিরপেক্ষ’ অবস্থান বজায় রাখছে।
মুদ্রাস্ফীতি ও অর্থনীতির হালচাল: পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌগত ভট্টাচার্য জানান, মূল্যবান ধাতু এবং অপরিশোধিত তেলের দাম বাড়লেও অর্থনীতিতে কোনো অতিরিক্ত উত্তাপের লক্ষণ নেই। ২০২৫ সাল থেকে আরবিআই মোট ১২৫ বেসিস পয়েন্ট হার কমিয়েছে, যা সাম্প্রতিক বছরগুলির মধ্যে অন্যতম বড় স্বস্তি। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথমার্ধে মুদ্রাস্ফীতি ৪ শতাংশ লক্ষ্যমাত্রার দিকে থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। সবজি ও খাদ্যের দাম নিয়ন্ত্রণে থাকলে সাধারণ মানুষের পকেটে টান পড়ার সম্ভাবনা কম।
ঋণ ও বিনিয়োগে জোয়ার: সাক্ষাৎকারে উঠে এসেছে আশাব্যঞ্জক এক চিত্র। শুধু খুচরো ঋণ নয়, বড় কর্পোরেট এবং এমএসএমই (MSME) সেক্টরেও ঋণের চাহিদা বেড়েছে। গত বছরের তুলনায় এমএসএমই সেক্টরে ঋণ বৃদ্ধির হার ১২ শতাংশ থেকে একলাফে ২৯ শতাংশে পৌঁছেছে। বেসরকারি বিনিয়োগ ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) বৃদ্ধিতে ভারতের জিডিপি-র ভিত আরও মজবুত হচ্ছে বলে দাবি করেছেন তিনি। অর্থাৎ, বাজারের তারল্য বজায় রাখতে এখনই সুদের হার বাড়িয়ে উন্নয়নের চাকায় ব্রেক কষতে নারাজ রিজার্ভ ব্যাঙ্ক।