কত শতাংশ ডিএ বাড়ছে? জানুয়ারির বকেয়া নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্র, খুশিতে আত্মহারা লক্ষ লক্ষ কর্মচারী

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা যখন ডিএ (DA) জট কাটানোর অপেক্ষায় দিন গুনছেন, ঠিক তখনই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বইছে খুশির হাওয়া। ২০২৬ সালের হোলির আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধির এক নতুন দফার ঘোষণা করতে পারে কেন্দ্র। এই খবরে দেশজুড়ে প্রায় ১ কোটি কর্মরত কর্মী ও পেনশনভোগীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। AICPI-IW সূচকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এবার কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে পারে, তা নিয়ে বড় তথ্য সামনে এল।

কত শতাংশ বাড়তে পারে ডিএ?
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। শ্রম ব্যুরোর প্রকাশিত ২০২৫ সালের ডিসেম্বরের শিল্প শ্রমিকদের সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI-IW) ১৪৮.২-এ দাঁড়িয়েছে। বিগত ১২ মাসের গড় পর্যালোচনা করে বিশেষজ্ঞরা মনে করছেন, এবার মহার্ঘ ভাতা অন্তত ২ শতাংশ বৃদ্ধি পেতে পারে। যদি এই পূর্বাভাস সঠিক হয়, তবে কেন্দ্রীয় কর্মীদের মোট ডিএ বেড়ে দাঁড়াবে ৬০ শতাংশে। যদিও ২ শতাংশ বৃদ্ধি গত কয়েক বছরের তুলনায় কিছুটা কম, তবুও মুদ্রাস্ফীতির বাজারে এটি কর্মীদের পকেটে কিছুটা হলেও স্বস্তি দেবে।

হোলির আগেই কি মিলবে সুখবর?
কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দু’বার—জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ সংশোধন করে। যদিও ঘোষণার প্রক্রিয়াটি কয়েক মাস পরে সম্পন্ন হয়। একাধিক রিপোর্ট দাবি করছে, আগামী ৪ মার্চ হোলির উৎসবের আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক সিলমোহর দিতে পারে। এই বৃদ্ধি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে, যার ফলে কর্মীরা এরিয়ার বা বকেয়া টাকাও পাবেন।

কারা উপকৃত হবেন?
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৫২ লক্ষ কর্মরত কর্মচারী এবং ৪৮ লক্ষেরও বেশি পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। মহার্ঘ ভাতার পাশাপাশি মহার্ঘ ত্রাণ (DR)-ও একই হারে বৃদ্ধি পাবে। মুদ্রাস্ফীতির চাপ সামলাতে এই নিয়মিত ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় কর্মীদের জীবনযাত্রার মান বজায় রাখতে সাহায্য করবে। এখন দেখার, মার্চের প্রথম সপ্তাহেই মোদী সরকার এই ‘হোলি গিফট’ ঘোষণা করে কি না।