হাওড়ায় কাকভোরে রোমহর্ষক শ্যুটআউট! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রোমোটারকে ঝাঁজরা করল দুষ্কৃতীরা

রাজ্যের দুই প্রান্তে দুটি পৃথক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে হাওড়ায় ভরা রাস্তায় এক যুবককে গুলি করে খুন করা হয়েছে, অন্যদিকে কোচবিহারে পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারল স্বামী।

হাওড়ায় শ্যুটআউট:
হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা এলাকায় কাকভোরে শফিক খান (২৭) নামে এক প্রোমোটারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হারুন ও রোহিত নামে দুই যুবক শফিকের সঙ্গে কথা বলছিল। আচমকাই তারা আগ্নেয়াস্ত্র বের করে শফিকের মাথা ও বুকে ৪ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিক অনুমান, প্রোমোটারির টাকা নিয়ে বিবাদের জেরে এই খুন। অভিযুক্তরা এর আগেও জেল খেটেছে বলে দাবি পরিবারের।

কোচবিহারে গৃহবধূ খুন:
কোচবিহার শহরের ১ নম্বর ওয়ার্ডের শ্যামাপ্রসাদ পল্লী এলাকায় আম্বালিকা সরকার নামে এক মহিলাকে তাঁর স্বামী রাজদীপ বড়ুয়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। অভিযোগ, রাজদীপ প্রতিদিন মাদক সেবন করে বাড়ি ফিরত এবং স্ত্রীর সঙ্গে ঝামেলা করত। সোমবার সন্ধ্যায় বচসা চলাকালীন সে আম্বালিকার গলায় কোপ দেয়। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্ত রাজদীপকে আটক করেছে।