সিকিমে প্রকৃতির তাণ্ডব! তুষারধসে আটকা পড়লেন ২৭৩৬ পর্যটক, উদ্ধারে নামল ভারতীয় সেনা

প্রকৃতির খামখেয়ালিপনায় বিপর্যস্ত সিকিম। মঙ্গলবার নাথু লা এবং ছাঙ্গু লেক থেকে ফেরার পথে ভয়ংকর তুষারধসের কবলে পড়েন প্রায় ২ হাজার ৭৩৬ জন পর্যটক। ১৫ মাইল এবং ছাঙ্গুর মাঝে বরফে আটকে পড়ে পর্যটকদের ৫৪১টি গাড়ি। মুহূর্তের মধ্যে রাস্তা সাদা বরফে ঢেকে যাওয়ায় এবং গাড়ি পিছলে যেতে শুরু করায় পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে ভারতীয় সেনা দ্রুত শুরু করে ‘অপারেশন হিমরাহত’। প্রতিকূল আবহাওয়ার মধ্যে রাতভর ৪৬ জন পর্যটককে সেনা ছাউনিতে আশ্রয় দেওয়া হয়। বুধবার সকালের মধ্যে সিকিম পুলিশ, প্রশাসন এবং পর্যটন বিভাগের যৌথ প্রচেষ্টায় সমস্ত পর্যটককে নিরাপদে উদ্ধার করে গ্যাংটকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে রাস্তা থেকে বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সিকিমের ভিন্ন রূপ: তুষারপাত বনাম দাবানল
সিকিমের আবহাওয়ায় এখন এক অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। উত্তর ও পূর্ব সিকিমে যখন তুষারপাতে সাদা চাদরে ঢাকা পড়েছে নাথু লা, তখন পশ্চিম সিকিমের বনাঞ্চলে দেখা দিয়েছে বিধ্বংসী দাবানল। শুধু তাই নয়, গ্যাংটক-সহ বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে তীব্র পানীয় জলের অভাব। আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার বৃষ্টির ঘাটতি প্রায় ৯১ শতাংশ, যার ফলে শুকিয়ে যাচ্ছে পাহাড়ের জলের উৎসগুলো।
আবহাওয়ার পূর্বাভাস:
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। নতুন করে ভারী তুষারপাতের সম্ভাবনা কম। তবে মঙ্গন এলাকায় আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যারা এই মুহূর্তে সিকিম ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের আবহাওয়ার আপডেট নিয়ে এবং প্রশাসনের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।