কালই সাত পাকে বাঁধা পড়ছেন রশ্মিকা-বিজয়! উদয়পুরে রাজকীয় বিয়ের এলাহি আয়োজন, বাজেট শুনলে চমকে যাবেন

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ছাদনাতলায় টলিউড ও বলিউড কাঁপানো জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। আগামিকাল, ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে এই বহু প্রতীক্ষিত বিয়ের আসর। ২৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহ অনুষ্ঠান। উদয়পুরের আভিজাত্য এবং রাজকীয় পরিবেশকে সঙ্গী করে ‘ভিরোশ’ (VIROSH) জুটির ডেস্টিনেশন ওয়েডিং এখন সোশ্যাল মিডিয়ায় হট টপিক।

তিনটি বিলাসবহুল প্রাসাদে উৎসবের আমেজ:
বিয়ের মূল অনুষ্ঠান আইটিসি মেমেন্টোস (ITC Mementos)-এ হলেও, প্রাক-বিবাহের বিভিন্ন অনুষ্ঠানের জন্য র‍্যাফেলস উদয়পুর এবং ফেয়ারমন্ট উদয়পুর প্যালেসকেও বেছে নেওয়া হয়েছে। শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ১০৬ একর জমির ওপর দাঁড়িয়ে থাকা আইটিসি মেমেন্টোস যেন এক মায়াবী জগত। পাহাড় আর অরণ্যে ঘেরা এই রিসোর্টে রয়েছে ১১৭টিরও বেশি স্যুট ও ভিলা, যেখানে অতিথিদের জন্য রাজকীয় আতিথেয়তার ব্যবস্থা করা হয়েছে।

ভাড়া ও বিলাসিতার খতিয়ান:
এই রিসোর্টে থাকার খরচ সাধারণের নাগালের বাইরে। জানা গিয়েছে, লাক্সারি স্যুটগুলোর এক রাতের ভাড়া প্রায় ২ লক্ষ টাকা থেকে শুরু। সাধারণ ঘরের ভাড়াও শুরু হচ্ছে ৩৫,০০০ টাকা থেকে। প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকছে ব্যক্তিগত বাগান এবং পুলের সুবিধা। খাবারের মেনুতেও থাকছে চমক; ঐতিহ্যবাহী রাজস্থানি খানা থেকে আন্তর্জাতিক কুইজিন— সবেরই আয়োজন রয়েছে উদয় প্যাভিলিয়ন এবং রয়্যাল ভেগার মতো রেস্তোরাঁগুলোতে।

বিশাল বাজেট ও ‘ভিরোশ’ প্রিমিয়ার লিগ:
বিয়ে উপলক্ষে বিজয়ের দেবেরাকোন্ডার পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ‘ভিরোশ প্রিমিয়ার লিগ’ নামে একটি ক্রিকেট ম্যাচের, যার ছবি ইতিমধেই ভাইরাল। সূত্রের খবর, এই রাজকীয় বিয়ের বাজেট ১ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। রশ্মিকার ৬৬ কোটি এবং বিজয়ের প্রায় ৭০ কোটির সম্পত্তির নিরিখে এই খরচ খুব একটা অস্বাভাবিক নয়। আইটিসি মেমেন্টোসের ইনফিনিটি পুল আর আরাভালি ভ্যালির প্রেক্ষাপটে আগামিকাল জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই দুই সুপারস্টার।