স্ত্রী ও ৩ সন্তানকে নৃশংসভাবে গলা কেটে খুন! দিল্লির পর লখনউ, হাড়হিম করা জোড়া হত্যাকাণ্ডে কাঁপছে দেশ

দেশের দুই প্রান্তে ঘটে যাওয়া দুটি নারকীয় হত্যাকাণ্ড সাধারণ মানুষের মনে ত্রাসের সৃষ্টি করেছে। উত্তর দিল্লির চন্দন পার্ক এলাকায় এক মা ও তাঁর তিন শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করার ঘটনা সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, নিহত শিশুদের বয়স যথাক্রমে ৫, ৩ এবং ২ বছর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে পেশায় সবজি বিক্রেতা ওই মহিলার স্বামীই এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে। অভিযুক্ত স্বামী বর্তমানে পলাতক, তাকে ধরার জন্য পুলিশের একাধিক টিম গঠন করা হয়েছে।

অন্যদিকে, উত্তরপ্রদেশের লখনউতে আরও এক পৈশাচিক ঘটনার খবর পাওয়া গিয়েছে। সেখানে এক কলেজপড়ুয়া ছেলে তার নিজের বাবাকে গুলি করে হত্যা করার পর দেহ খণ্ডবিখণ্ড করে একটি নীল ড্রামে লুকিয়ে রাখে। নিহিত ৪৯ বছর বয়সী মানবেন্দ্র সিং ছিলেন একজন প্যাথলজি ল্যাবের মালিক। অভিযোগ, ২১ বছর বয়সী ছেলে অক্ষত তার বাবাকে বাড়িতেই রাইফেল দিয়ে গুলি করে। এরপর তিন তলা থেকে দেহটি এক তলায় নামিয়ে এনে টুকরো টুকরো করে ফেলে।

লখনউয়ের ঘটনায় তদন্তে নেমে পুলিশ একাধিক অসঙ্গতি খুঁজে পায়। জেরার মুখে অক্ষত প্রথমে তার বাবার মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেও পরে খুনের কথা স্বীকার করে। পুলিশ জানিয়েছে, মানবেন্দ্র চেয়েছিলেন তাঁর ছেলে ডাক্তারি পড়ুক বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসুক, কিন্তু ছেলে তা চাইত না। এই নিয়ে বাবা-ছেলের দীর্ঘদিনের বিবাদই শেষ পর্যন্ত এই মর্মান্তিক পরিণতির কারণ হয়ে দাঁড়াল। দিল্লির খুনের ঘটনায় পলাতক স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, আর লখনউয়ের ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে।