বাংলার SIR জট কাটাতে ভিনরাজ্যের বিচারকদের ডাক! ওড়িশা-ঝাড়খণ্ডের সাহায্য চাইল সুপ্রিম কোর্ট

মঙ্গলবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) বা ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে শুনানি এক নজিরবিহীন মোড় নিল। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, রাজ্যে এই বিশাল পরিমাণ তথ্য যাচাইয়ের জন্য পর্যাপ্ত বিচারবিভাগীয় অফিসারের অভাব রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এবার ওড়িশা এবং ঝাড়খণ্ডের অবসরপ্রাপ্ত বিচারকদের এই প্রক্রিয়ায় যুক্ত করার প্রস্তাব দিয়েছে শীর্ষ আদালত।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে, রাজ্যে প্রায় ৮০ লক্ষ তথ্যগত অসঙ্গতি রয়েছে। এর মধ্যে ৫০ লক্ষ দাবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ২৫০ জন জেলা ও অতিরিক্ত জেলা বিচারককে। প্রধান বিচারপতি সূর্যকান্ত পর্যবেক্ষণ করেন যে, একজন অফিসার দিনে ২৫০টি কাজ করলেও পুরো প্রক্রিয়া শেষ করতে অন্তত ৮০ দিন সময় লাগবে। কাজের গতি বাড়াতেই ওড়িশা ও ঝাড়খণ্ডের প্রধান বিচারপতিদের কাছে অবসরপ্রাপ্ত বিচারকদের সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে।
শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাষার সমস্যা নিয়ে প্রশ্ন তুললে, প্রধান বিচারপতি জানান যে ওড়িশা বা ঝাড়খণ্ডের বিচারকদের ক্ষেত্রে কিছুটা ভাষাগত ও সাংস্কৃতিক মিল থাকবে এবং এই মুহূর্তে এর বাইরে অন্য কোনো উপায় নেই। অন্যদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে যে ২৮ তারিখ মূল তালিকা প্রকাশের পর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকায় নাম যুক্ত করার সুযোগ থাকবে।