জেলেই কাটবে রাত! আরজি কর দুর্নীতিতে হাই কোর্টে বড় ধাক্কা সন্দীপ ঘোষের, খারিজ ৫ জনের জামিন

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর চার সহযোগীর সোমবারের দুপুরটা কাটল চরম হতাশায়। কলকাতা হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, তদন্তের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে কাউকেই জামিন দেওয়া সম্ভব নয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ সন্দীপ ঘোষ, আফসার আলি খান, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডের জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় আপাতত আলিপুর জেলেই ঠাঁই হল তাঁদের।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, হাসপাতালের টেন্ডার প্রক্রিয়ায় যে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে, তার শিকড় অনেক গভীরে। প্রয়োজনীয় সরঞ্জাম কেনার নামে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ঘনিষ্ঠদের বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ। সিবিআই গত ২৯ নভেম্বর চার্জশিট জমা দিলেও আদালতের ধারণা, এই মুহূর্তে অভিযুক্তরা বাইরে বেরোলে তথ্য-প্রমাণ লোপাট বা তদন্ত প্রভাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি করে চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই এই দুর্নীতি সামনে আসতে শুরু করে। যদিও ধর্ষণ ও খুনের মামলায় ডিসেম্বরে জামিন পেয়েছিলেন সন্দীপ, কিন্তু আর্থিক দুর্নীতির বেড়াজালে তিনি এখনও বন্দি। এদিনের রায়ে পরিষ্কার হয়ে গেল যে, আরজি করের সরকারি কোষাগার লুটের অভিযোগে আইনি লড়াই আরও দীর্ঘ হতে চলেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সন্দীপ ও তাঁর ‘গ্যাং’-এর কারামুক্তি ঘটছে না।