আর লাইনে দাঁড়ানোর যন্ত্রণা নেই! মোবাইল অ্যাপেই করুন ‘যুবসাথী’র আবেদন, হাতে আসবে ১৫০০ টাকা

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্পে (Yuvasathi Scheme) আবেদন করার পদ্ধতি এবার আরও সহজ হল। বেকার যুবক-যুবতীদের আর রোদে পুড়ে সাইবার ক্যাফেতে লাইন দিতে হবে না। রাজ্য সরকারের নতুন ‘বাংলার যুবসাথী’ মোবাইল অ্যাপের মাধ্যমেই এখন স্মার্টফোন থেকে সরাসরি আবেদন করা সম্ভব। এতে আবেদন প্রক্রিয়া যেমন দ্রুত হয়েছে, তেমনই কমেছে ঝক্কি।
আবেদনের আগে এই শর্তগুলো মাথায় রাখুন:
মনে রাখবেন, সবাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। যারা বর্তমানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘কৃষক বন্ধু’র মতো কোনো সরকারি আর্থিক সুবিধা পাচ্ছেন, তারা আবেদন করতে পারবেন না। তবে পড়ুয়ারা কোনো স্কলারশিপ পেয়ে থাকলে তারা আবেদনের যোগ্য। ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। পেশার জায়গায় অবশ্যই ‘Unemployed’ বা বেকার উল্লেখ করতে হবে।
কীভাবে পাবেন অ্যাপটি?
এই অ্যাপটি প্লে-স্টোরে পাওয়া যাবে না। এটি ডাউনলোড করতে আপনাকে যেতে হবে ds.wb.gov.in পোর্টালে। সেখানে ‘Apply Online’ থেকে ‘Download Mobile App’ অপশনে ক্লিক করে ৮.২৭ এমবি-র অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। ফোনের সেটিংসে গিয়ে ‘Unknown Sources’ পারমিশন অন করতে ভুলবেন না।
প্রয়োজনীয় নথিপত্র:
আবেদনের আগে সমস্ত নথিতে নিজের সই (Self-Attested) করে স্ক্যান করে রাখুন। ৩০০ কেবি-র মধ্যে পিডিএফ ফাইল হিসেবে লাগবে— মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার ও ভোটার কার্ড, ব্যাঙ্কের পাসবুক এবং কাস্ট সার্টিফিকেট। এছাড়া ৫০ কেবি-র মধ্যে জেপিইজি ফরম্যাটে রঙিন ছবি ও স্ক্যান করা সই তৈরি রাখতে হবে।
ধাপে ধাপে আবেদন পদ্ধতি:
১. অ্যাপ খুলে মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগইন করুন।
২. বড় হাতের অক্ষরে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ ও আধার নম্বর দিন।
৩. জেলা, ব্লক, থানা ও পিনকোড সঠিকভাবে নির্বাচন করুন।
৪. মাধ্যমিক পরীক্ষার বোর্ড ও রোল নম্বর বসান।
৫. ব্যাঙ্কের আইএফএসসি (IFSC) ও অ্যাকাউন্ট নম্বর নির্ভুলভাবে টাইপ করুন।
৬. সমস্ত নথি আপলোড করে ‘Final Submit’ বাটনে ক্লিক করলেই তৈরি হবে আপনার অ্যাপ্লিকেশন আইডি।
পরবর্তীতে আবেদনের স্থিতি জানতে অ্যাপের ‘Check Status’ অপশনে গিয়ে সহজেই আপডেট পাওয়া যাবে। এই আধুনিক ব্যবস্থার ফলে সময় বাঁচবে কয়েক গুণ এবং স্বচ্ছতার সাথে আবেদন সম্পন্ন হবে।