ইলিশ-ভেটকিকে দেবে টেক্কা! দুপুরের পাতে জাস্ট ফাটাফাটি এই ‘কাতলা ভাপা’, রইল সিক্রেট রেসিপি

বাঙালি মানেই মাছে-ভাতে তৃপ্তি। আর সেই মাছ যদি হয় ‘ভাপা’, তবে তো কথাই নেই! সাধারণত ভাপা বলতেই আমাদের চোখে ভাসে ইলিশ বা ভেটকির ছবি। কিন্তু জানেন কি, হাতের কাছে থাকা সাধারণ কাতলা মাছ দিয়েও তৈরি করা যায় অসাধারণ স্বাদের ভাপা? খরচও কম, অথচ স্বাদে কোনো রাজকীয় পদের চেয়ে কম নয়। রবিবারের দুপুরে বা অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে ফেলুন এই ‘কাতলা ভাপা’।
উপকরণ:
কাতলা মাছ (৪-৫ টুকরো), সাদা বা কালো সর্ষে (২ টেবিল চামচ), পোস্ত (১ টেবিল চামচ), নারকেল কোরা (২ টেবিল চামচ), ফেটানো টক দই (১ টেবিল চামচ), ৪-৫টি কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, নুন ও চিনি স্বাদমতো।
প্রস্তুত প্রণালী:
প্রথমে মাছের টুকরোগুলো ধুয়ে নুন-হলুদ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে তুলে নিন। এবার মিক্সিতে সর্ষে, পোস্ত, নারকেল কোরা, কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করুন।
একটি টিফিন বক্সে ওই পেস্টের সঙ্গে টক দই, সামান্য হলুদ, স্বাদমতো নুন-চিনি এবং বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল মিশিয়ে নিন। এবার ভাজা মাছের টুকরোগুলো এই মশলায় ভালো করে কোট করে নিন। ওপর থেকে আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও সর্ষের তেল ছড়িয়ে বক্সের ঢাকনা বন্ধ করে দিন। সবশেষে একটি বড় পাত্রে জল ফুটিয়ে তার ওপর টিফিন বক্সটি বসিয়ে দিন। মাঝারি আঁচে ১৫-২০ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি জিভে জল আনা ‘কাতলা ভাপা’। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রাজকীয় পদ।