হোলির পার্টিতে দেদার ভাজাভুজির পর ১ টাকার ম্যাজিক! চটজলদি বানান এই ‘হাজমোলা মকটেল’

দোল বা হোলি মানেই তো রঙে রঙে মেতে ওঠা আর প্রচুর ভাজাভুজি খাওয়া। কিন্তু রং খেলার আনন্দ আর তেল-মশলাদার খাবারের দাপটে অনেক সময়ই পেটের অবস্থা হয়ে যায় শোচনীয়। এই হোলির পার্টিতে অতিথিদের জন্য তাই তৈরি করুন এমন এক ড্রিঙ্ক যা শুধু রিফ্রেশিংই নয়, যা নিমেষে আপনার হজমেও সাহায্য করবে। খরচ মাত্র ১ টাকা! হাজমোলার ছোট প্যাকেট দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন চটপটা ‘হাজমোলা মকটেল’।

কী কী লাগবে?
উপকরণগুলি আপনার রান্নাঘরেই মজুত। লাগবে হাজমোলা ট্যাবলেট (৪-৫টি), ঠান্ডা সোডা বা স্প্রাইট, লেবুর রস, বিট নুন, গোলমরিচ গুঁড়ো, পুদিনা পাতা এবং এক চিমটি চাট মশলা।

কীভাবে বানাবেন?
প্রথমে একটি গ্লাসে ৪-৫টি হাজমোলা নিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। এবার তাতে এক চামচ লেবুর রস, সামান্য বিট নুন এবং এক চিমটি চাট মশলা দিন। এরপর গ্লাসে ৪-৫টি বরফের টুকরো এবং কুচনো পুদিনা পাতা দিয়ে দিন। সবশেষে ওপর থেকে ঢেলে দিন ঠান্ডা সোডা। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আপনার দেশি স্টাইলের পার্টি ড্রিঙ্ক।

পরিবেশন করার টিপস:
মকটেলটিকে আরও আকর্ষণীয় করতে গ্লাসের ধার লেবুর রস দিয়ে ভিজিয়ে নুন ও লঙ্কার গুঁড়োর মিশ্রণে ডুবিয়ে নিন। ওপর থেকে একটি লেবুর স্লাইস এবং রঙিন স্ট্র দিয়ে পরিবেশন করুন। চাইলে এতে অরেঞ্জ জুস বা মধু মিশিয়ে ভিন্ন স্বাদের টুইস্টও দিতে পারেন। এবারের হোলির পার্টি জমিয়ে দিন এই ১ টাকার হাজমোলা মকটেলে!