৯ দিনে ৬১ লাখ আবেদন! ‘যুব সাথী’র লাইনে উত্তাল বাংলা, মুর্শিদাবাদ না কি কলকাতা—কে এগিয়ে?

রাজ্যে বিধানসভা ভোটের বাদ্যি বাজার আগেই ‘যুব সাথী’ প্রকল্পকে ঘিরে তোলপাড় পশ্চিমবঙ্গ। বিরোধীরা যখন বেকারত্ব নিয়ে রাজ্য সরকারকে ক্রমাগত বিঁধছে, ঠিক তখনই এই প্রকল্পে আবেদনের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে মাত্র ৯ দিনে আবেদনের সংখ্যা ৬১ লাখ পার করেছে। এর মধ্যে খোদ কলকাতাতেই আবেদন জমা পড়েছে ২ লাখের বেশি। জেলাভিত্তিক পরিসংখ্যানে সবাইকে চমকে দিয়ে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ।
নবান্নের ঘোষণা অনুযায়ী, আগামী ১লা এপ্রিল থেকে মাধ্যমিক পাশ ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। গত ১৫ই ফেব্রুয়ারি থেকে এই প্রকল্পের ফর্ম পূরণ শুরু হয়েছে, যা চলবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম ৯ দিনে মুর্শিদাবাদ জেলায় ৪.৮২ লাখ আবেদন জমা পড়েছে। পিছিয়ে নেই দক্ষিণ ২৪ পরগনা (৪.৬ লাখ) এবং উত্তর ২৪ পরগনাও (৩.৯৫ লাখ)। অন্যদিকে, কালিম্পং জেলায় আবেদনের হার সবথেকে কম, মাত্র ১৫ হাজার।
এই বিপুল সংখ্যক আবেদন দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের দাবি, শহরের বুকেও ২ লাখের বেশি আবেদন প্রমাণ করে দিচ্ছে যে রাজ্যে কর্মসংস্থানের অভাব কতটা প্রকট। পাল্টা জবাবে শাসকদল তৃণমূলের দাবি, এটি একটি জনকল্যাণমূলক প্রকল্প, যাতে বেকার যুবক-যুবতীদের চাকরির পরীক্ষার ফর্ম পূরণের জন্য অন্যের মুখাপেক্ষী হতে না হয়। ২৬শে ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন পর্যন্ত এই সংখ্যা কোথায় গিয়ে ঠেকে, এখন সেটাই দেখার। শাসক-বিরোধী সংঘাতের মাঝেই লক্ষ লক্ষ বেকার যুবক এখন ১৫০০ টাকার আশায় লাইনে দাঁড়িয়ে দিন গুনছেন।