ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়াল লিখন! লাভলী মৈত্রর নামে শোরগোল সোনারপুরে, অস্বস্তিতে তৃণমূল

রাজ্যে ভোটের বাদ্যি এখনও আনুষ্ঠানিকভাবে বাজেনি। নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করেনি, এমনকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কোনো প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। কিন্তু তার আগেই দেওয়াল দখলের লড়াইয়ে নাম লিখিয়ে ফেললেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র (অরুন্ধতী মৈত্র) এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। দলের সিদ্ধান্তের আগেই প্রার্থীর নাম দেওয়ালে ফুটে ওঠায় অস্বস্তিতে শাসক শিবির।
ঘটনার সূত্রপাত রাজপুর সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে। সেখানে অতি-উৎসাহী তৃণমূল কর্মীদের একাংশ লাভলী মৈত্রর নামে দেওয়াল লিখন শুরু করে দেন। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে, দল ঘোষণা করার আগেই কীভাবে কেউ নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরতে পারেন? বিতর্ক এড়াতে তড়িঘড়ি সেই দেওয়াল লিখন মুছে চুনকাম করে দেওয়া হয়। এই প্রসঙ্গে লাভলী মৈত্র বলেন, “এটি সম্পূর্ণ ভুল কাজ। প্রার্থীর নাম দল ঠিক করবে, তার আগে দেওয়াল লেখা যায় না। পুরনো লেখা মুছতে গিয়েই সম্ভবত ভুল বোঝাবুঝি হয়েছে।”
অন্যদিকে, পূর্ব বর্ধমানে আরও এক ধাপ এগিয়ে সরাসরি নিজের প্রার্থীপদ ঘোষণা করে দিয়েছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে জেলা সভাপতির নাম উল্লেখ করে তিনি দাবি করেছেন, ‘সাহেবের’ প্রার্থীপদ ফাইনাল। তাঁর এই মন্তব্য ঘিরে দলের অন্দরেই কানাঘুষো শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নাম ঘোষণার আগে এভাবে দেওয়াল লিখন বা নিজের নাম ঘোষণা আসলে দলের ওপর চাপ তৈরির কৌশল। যদিও বিরোধীরা একে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ ও ‘অরাজকতা’ বলেই কটাক্ষ করছে। ভোটের নির্ঘণ্টের আগেই এই প্রার্থী-যুদ্ধ বঙ্গ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।