সেমিফাইনালের মহারণ! পলেকেলেতে কাল মুখোমুখি ইংল্যান্ড-পাকিস্তান, বাবর বনাম আর্চার লড়াইয়ে শেষ হাসি কার?

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উত্তাপ এখন তুঙ্গে। আগামীকাল, ২৪ ফেব্রুয়ারি পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ৪৫তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ—ইংল্যান্ড ও পাকিস্তান। সুপার-৮ পর্যায়ের গ্রুপ-২ এর এই ম্যাচটি দুই দলের জন্যই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার অ্যাসিড টেস্ট। ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক এবং পাকিস্তানের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন সলমান আগা।
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের ওপর ব্রিটিশদের দাপট প্রশ্নাতীত। এ পর্যন্ত ৩১টি লড়াইয়ের মধ্যে ২১ বার জিতেছে ইংল্যান্ড, পাকিস্তান জিতেছে মাত্র ৯টি ম্যাচে। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও তিনবার দেখা হয়েছে দুই দলের, যেখানে প্রতিবারই জয়ী হয়েছে ইংল্যান্ড। ২০২২-এর বিশ্বকাপের ফাইনালেও ইংল্যান্ডের কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল পাকিস্তানের। পাল্লেকেলের স্পিন-সহায়ক উইকেটে আগামীকাল লড়াইটা হবে ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিং বনাম পাকিস্তানের রহস্যময় স্পিন আক্রমণের।
নজরে থাকবেন যে তারকারা:
-
ইংল্যান্ড: অধিনায়ক হ্যারি ব্রুক, অলরাউন্ডার স্যাম কারান এবং অভিজ্ঞ লেগ-স্পিনার আদিল রশিদ।
-
পাকিস্তান: ব্যাটিং স্তম্ভ বাবর আজম, গতিদানব শাহীন আফ্রিদি এবং মিস্ট্রি স্পিনার আবরার আহমেদ।