ধূপগুড়িতে তৃণমূল শিবিরে বড়সড় ধস! বুথ সভাপতিসহ ৪২টি পরিবার যোগ দিল বিজেপিতে

২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় রদবদল। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভার বারঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন ধরল। তৃণমূলের এক দাপুটে বুথ সভাপতির নেতৃত্বে মোট ৪২টি পরিবার রবিবার গেরুয়া শিবিরে নাম লেখাল। উত্তরবঙ্গে যখন হেভিওয়েট বিজেপি নেতাদের তৃণমূলে যাওয়ার গুঞ্জন তুঙ্গে, ঠিক তখনই বুথ স্তরে এই কামড় বিজেপির জন্য বড় পাওনা বলে মনে করছে রাজনৈতিক মহল।
কেন এই দলবদল? বিজেপি নেতৃত্বের দাবি, শাসক দলের ‘অত্যাচার’ এবং এলাকার উন্নয়নের অভাব দেখেই সাধারণ কর্মীরা বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। ধূপগুড়ির লড়াই বরাবরই হাড্ডাহাড্ডি, তাই এই ৪২টি পরিবারের যোগদান তৃণমূলের বুথ সংগঠনের জন্য বড় ধাক্কা হতে পারে। অন্যদিকে, তৃণমূল এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে উত্তরবঙ্গের মানুষ তাঁদের পাশেই আছেন।