সম্মেলনে ‘অর্ধনগ্ন’ প্রতিবাদ! যুব কংগ্রেসের কাণ্ডে ছিছিক্কার, বিঁধলেন শরিক বাবুল-অখিলেশ

রাজধানীর প্রগতি ময়দানে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুব কংগ্রেসের ‘অর্ধনগ্ন’ প্রতিবাদ ঘিরে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বিদেশের প্রতিনিধিদের সামনে এই ধরণের আচরণকে ‘দেশের সম্মানহানি’ বলে দেগে দিয়েছে খোদ ইন্ডিয়া (INDIA) জোটের শরিক দলগুলিই। তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মতো গুরুত্বপূর্ণ শরিকরা এই প্রতিবাদের কুরুচিকর ধরণ নিয়ে কড়া সমালোচনা করেছেন।
কী ঘটেছিল সামিটে? শুক্রবার দুপুরে ভারত মণ্ডপমে যখন আন্তর্জাতিক এআই সম্মেলন চলছিল, তখন হঠাৎই কয়েকজন যুবক ‘নরেন্দ্র মোদী কমপ্রোমাইজড’ লেখা টি-শার্ট পরে স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যে তাঁরা টি-শার্ট খুলে অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ দেখান। নিরাপত্তা কর্মীরা দ্রুত তাঁদের আটক করলেও ততক্ষণে আন্তর্জাতিক মহলে অস্বস্তি ছড়িয়ে পড়ে। দিল্লি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নেপালের তরুণ প্রজন্মের ‘জেন জি’ (Gen Z) আন্দোলনের আদলেই এই কর্মসূচি সাজানো হয়েছিল।
শরিকদের ক্ষোভ: তৃণমূল নেতা তথা মন্ত্রী বাবুল সুপ্রিয় এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, রাজনৈতিক লড়াই ময়দানে হওয়া উচিত, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে দেশের মর্যাদা বিসর্জন দেওয়া কাম্য নয়। অন্যদিকে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, বিদেশি অতিথিদের সামনে এই আচরণ ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এই ঘটনায় রাহুল গান্ধীর দলের যুব সংগঠন যথেষ্ট অস্বস্তিতে পড়েছে।