লন্ডনের রাস্তায় হাত ধরাধরি! কৃতির নতুন প্রেমিকের পরিচয় জানলে চমকে যাবেন

বলিউডে প্রেমের খবর কি আর গোপন থাকে? কৃতি শ্যানন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে থাকেন, কিন্তু বিদেশের রাস্তায় তাঁর সাম্প্রতিক এক সফর ঘিরে এখন উত্তাল নেটপাড়া। সম্প্রতি লন্ডনের রাস্তায় এক রহস্যময় তরুণের হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে কৃতিকে। ভাইরাল হওয়া ভিডিওতে দুজনকে একে অপরের চোখের দিকে তাকিয়ে হাসতে এবং মগ্ন হয়ে কথা বলতে দেখা গেছে। লেন্সবন্দি হওয়ার পর ওই তরুণ একবার ক্যামেরার দিকে তাকালেও অভিনেত্রীর হাত কিন্তু ছাড়েননি।
কে এই রহস্যময় তরুণ? সূত্রের খবর, এই তরুণের নাম কবীর বাহিয়া। লন্ডনের এক অত্যন্ত প্রভাবশালী এবং ধনী ব্যবসায়ী পরিবারের সন্তান তিনি। কবীর নিজে ‘ওয়ার্ল্ডওয়াইড এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা। তাঁর বাবা কুলজিন্দর বাহিয়া ব্রিটেনের একটি নামী ট্রাভেল এজেন্সির কর্ণধার। আর্থিক এবং সামাজিক প্রতিপত্তিতে কবীর যথেষ্ট প্রতিষ্ঠিত। বেশ কয়েক মাস আগে কৃতির ৩৪তম জন্মদিনের সময় থেকেই তাঁদের নিয়ে ফিসফাস শুরু হয়েছিল। এরপর কৃতির বোন নূপুর শ্যাননের বিয়েতেও কবীরকে একেবারে ফ্যামিলি মেম্বারের মতোই দেখা গিয়েছিল।
অতীতের গুঞ্জন: কেরিয়ারের শুরুতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কৃতির রসায়ন নিয়ে চর্চা কম হয়নি। যদিও তাঁরা সেই সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি। পরে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল। তবে কবীরের সঙ্গে এই ‘নির্ভীক’ পথচলা এখন নতুন গুঞ্জনে ঘি ঢেলেছে। কৃতি এখনও সরকারিভাবে কিছু না জানালেও, তাঁদের এই ঘনিষ্ঠতা কিন্তু বড় কোনো খবরেরই ইঙ্গিত দিচ্ছে।