গতিতে তুফান! মীরাটে দেশের দ্রুততম মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

ভারতের দ্রুততম মেট্রোর তকমা পেল মীরাট মেট্রো। রবিবার ৮২ কিলোমিটার দীর্ঘ দিল্লি-মীরাট রিজিওনাল র‍্যাপিড ট্রানজিট সিস্টেম (RRTS) এবং ২৩ কিলোমিটার দীর্ঘ মীরাট মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মেট্রোর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা ভারতের মেট্রো পরিষেবার ইতিহাসে একটি রেকর্ড। প্রধানমন্ত্রী এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে শতাব্দী নগর থেকে মীরাট দক্ষিণ পর্যন্ত ট্রেনে সফর করেন এবং সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন।

প্রকল্পের বিশেষত্ব: মীরাট মেট্রোর ২৩ কিলোমিটার দীর্ঘ করিডরে মোট ১৩টি স্টেশন রয়েছে। এটি সরাই কালে খান থেকে মোদীপুরম পর্যন্ত যাতায়াত করবে। এই প্রথম ভারতে একই ট্র্যাকে নমো ভারত ট্রেন এবং মেট্রো— দুই-ই চলবে। দিল্লি থেকে মীরাট পৌঁছাতে এখন সময় লাগবে মাত্র এক ঘণ্টারও কম। মীরাট মেট্রো পুরো রুটটি অতিক্রম করবে মাত্র ৩০ মিনিটে।

সংযোগ ব্যবস্থা: এই মেট্রো রুটটি দিল্লির হযরত নিজামুদ্দিন রেল স্টেশন, দিল্লি মেট্রোর পিঙ্ক লাইন এবং রিং রোডকে সংযুক্ত করবে। ফলে দিল্লি-এনসিআর এলাকায় যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই দ্রুতগামী ট্রেন ভারতের পরিকাঠামোগত উন্নয়নের এক বড় নিদর্শন।