প্রাণভয়ে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে! ১ বছর কোচবিহারে লুকিয়ে থাকার পর শ্রীঘরে ৬ বাংলাদেশি

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতার জেরে প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল এক হিন্দু পরিবার। উদ্দেশ্য ছিল ভারতেই পাকাপাকিভাবে বসবাস করা। কিন্তু প্রায় এক বছর আত্মগোপন করে থাকার পর শেষরক্ষা হল না। কোচবিহারের মাথাভাঙা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তিন নাবালক-সহ ৬ জন বাংলাদেশি এবং তাদের আশ্রয়দাতাকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পরিবারটি কোচবিহারের সীমান্ত দিয়ে নয়, বরং মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। এরপর তারা মাথাভাঙার হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাঙা মোড় এলাকায় সঞ্জিত চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। সেখানে থেকেই তারা জাল পরিচয়পত্র তৈরির পরিকল্পনা করছিল বলে অভিযোগ। শুক্রবার রাতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে সকলকে পাকড়াও করে। সরকারি আইনজীবী বাবলু বর্মন জানিয়েছেন, ধৃতদের মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হলে বিচারক আগামী ৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশে শাসক বদলের পর থেকেই ওই পরিবারটি আতঙ্কে ছিল বলে পুলিশের প্রাথমিক জেরায় উঠে এসেছে। উল্লেখ্য, এর আগে মাথাভাঙাতেই এক বাংলাদেশি গৃহবধূ ধরা পড়লেও সিএএ (CAA)-তে আবেদন জানিয়ে হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। এই পরিবারটির ক্ষেত্রেও আইনি লড়াই কোন পথে যায়, সেদিকেই নজর রয়েছে সকলের।