বাতাসা দেওয়ার নামে দোকানে ডেকে যৌন লালসা! শিশুটির মায়ের নজরে পড়ল সেই ‘জুতো’, বারুইপুরে তুলকালাম

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত অর্পণ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, একরত্তি শিশুটিকে স্রেফ ‘বাতাসা’ খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের দোকানে ডেকে এনেছিল অর্পণ। সেখানেই চলে পাশবিক নির্যাতন। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করেছে।
মর্মান্তিক এই ঘটনার পর্দাফাঁস করেন স্বয়ং শিশুটির মা। মেয়েকে দেখতে না পেয়ে তিনি এলাকায় খোঁজ শুরু করেন। হঠাৎই একটি দোকানের পাশে মেয়ের জুতো পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। দোকানের ভিতরে ঢুকতেই তিনি দেখেন মেয়ের ওপর নির্যাতন চালাচ্ছে অভিযুক্ত। মায়ের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা, খবর দেওয়া হয় পুলিশে। অভিযুক্ত অর্পণকে আজ রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং গোপন জবানবন্দির আবেদন জানানো হয়েছে।
অন্যদিকে, মুর্শিদাবাদেও বিচার মিলল নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায়। ২০২৩ সালের এক চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত রাহুল হালদার ওরফে পাপ্পুকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। এই মামলায় একটি মোবাইল ভিডিও ফুটেজ সবথেকে বড় প্রমাণ হিসেবে কাজ করেছে। ফরেনসিক রিপোর্ট এবং চিকিৎসকদের সাক্ষ্যের ভিত্তিতে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর দোষীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।