কেরালা জয় অতীত, চেন্নাইয়িন কাঁটা উপড়াতে লোবেরার নয়া ‘অ্যাটাকিং’ ব্লু-প্রিন্ট!

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করলেও এখনই তৃপ্ত নন মোহনবাগান কোচ সার্জিয়ো লোবেরা। সোমবার সন্ধ্যায় ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। আর এই ম্যাচে শুধু তিন পয়েন্ট নয়, বরং আধিপত্য বিস্তারকারী ফুটবল খেলে চেন্নাইয়িন কাঁটা তুলতে মরিয়া স্প্যানিশ মাস্টারমাইন্ড। লোবেরা স্পষ্ট জানিয়েছেন, ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান না তিনি, বরং নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচ পকেটে পুরতে চান।
এবারের লিগ ছোট হওয়ায় প্রতিটি ম্যাচই ফাইনালের মতো। অনেকেই দলগুলোর প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললেও লোবেরা সেই তত্ত্ব মানতে নারাজ। তাঁর মতে, প্রতিটি দলই যথেষ্ট শক্তিশালী এবং সতর্ক না হলে যে কোনও মুহূর্তে পয়েন্ট হারাতে হতে পারে। বিশেষ করে চেন্নাইয়িন দলে প্রীতম কোটাল এবং অঙ্কিত মুখোপাধ্যায়ের মতো কলকাতার ফুটবলের নাড়িভুঁড়ি চেনা খেলোয়াড়রা থাকায় বাড়তি সতর্ক বাগান কোচ। প্রীতম কোটালের নেতৃত্বে একসময় মোহনবাগান আইএসএল জিতেছিল, ফলে ঘরের মাঠে তাঁকে আটকানো বাগান ফরোয়ার্ডদের জন্য বড় চ্যালেঞ্জ।
গত ম্যাচে কেরালা জয়ের নায়ক জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস এবং রবসন রবিনহোর ‘ত্রিফলা’ আক্রমণভাগকেই ভরসা করছেন লোবেরা। তবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফুটবলারদের ফিটনেস। কেরালা ম্যাচে ৬০ মিনিটের পর বাগান ফুটবলারদের ক্লান্ত দেখিয়েছিল। সেই ঘাটতি মেটাতে অনুশীলনে ফিটনেস এবং সেটপিসের ওপর বাড়তি জোর দিয়েছেন কোচ। মাঝমাঠে বিদেশি মিডফিল্ডারের অভাব মেটাতে ভারতীয় ফুটবলারদের বল সরবরাহের দায়িত্ব আরও বাড়িয়েছেন লোবেরা। সোমবারের ম্যাচে বাগান রক্ষণ এবং আক্রমণভাগের সমন্বয় কতটা নিটোল হয়, এখন সেটাই দেখার।