জাডেজা নেই, কারানও বিদায়; খোলনলচে বদলে যাওয়া চেন্নাইয়ে ‘থালা’ই কি শেষ ভরসা?

আইপিএল শুরু হওয়ার আগে প্রতি বছরই একটা প্রশ্ন অবধারিতভাবে ফিরে আসে— এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ মরসুম? ২০২৬ আইপিএল-এর আগেও তার ব্যতিক্রম হয়নি। রবীন্দ্র জাডেজার মতো তারকা অলরাউন্ডার দল ছাড়ায় জল্পনা আরও তীব্র হয়েছিল। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন স্পষ্ট জানিয়ে দিলেন, ‘থালা’ এখনই অবসর নিচ্ছেন না।
চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সিইও-কে ধোনির অবসর নিয়ে প্রশ্ন করা হলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “ও খেলবে, ও খেলবে।” অর্থাৎ, রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে চেন্নাই যখন ঘুরে দাঁড়ানোর লড়াই লড়ছে, তখন ধোনির অভিজ্ঞতাকেই ঢাল করতে চাইছে ম্যানেজমেন্ট। গত মরসুমে ১০ দলের মধ্যে সবার শেষে শেষ করেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই ব্যর্থতা মুছতে ধোনির উপস্থিতি দলের ড্রেসিংরুমে অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে।
তবে এবারের সিএসকে দলে বড় রদবদল ঘটেছে। ধোনির দীর্ঘদিনের সতীর্থ রবীন্দ্র জাডেজা এবার রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন। পরিবর্তে দলে এসেছেন সঞ্জু স্যামসন। এই রদবদলে অনেকেই ধোনির বিদায়ের সুর শুনতে পাচ্ছিলেন, কিন্তু সিইও-র ঘোষণা বুঝিয়ে দিল, বয়স কেবলই একটা সংখ্যা ধোনির কাছে। ফিটনেস বা ফর্ম যাই হোক না কেন, ধোনির মাঠের উপস্থিতিই চেন্নাইয়ের সাফল্যের চাবিকাঠি।