ক্ষমতায় ফিরলে ভাতার অঙ্ক বাড়বে কয়েক গুণ? সিপিএমের ‘মাস্টারস্ট্রোক’ নিয়ে তুঙ্গে জল্পনা!

আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তৃণমূলের তুরুপের তাস ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সেলিম ঘোষণা করলেন, বামেরা ক্ষমতায় এলে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের চেয়ে অনেক বেশি টাকা দেওয়া হবে। তবে একে স্রেফ ‘ভাতা’ নয়, বরং মহিলাদের ‘অধিকার’ হিসেবেই প্রতিষ্ঠিত করতে চায় লাল শিবির।
রবিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির এক অনুষ্ঠানে যোগ দিয়ে সেলিম তৃণমূল সরকারের ‘শ্রী’ যুক্ত প্রকল্পগুলিকে তীব্র কটাক্ষ করেন। তিনি দাবি করেন, এগুলি আসলে কেরলের ‘কুটুম্বশ্রী’ প্রকল্পের টুকলি। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তাঁর বিস্ফোরক মন্তব্য, “৫০০-১০০০ টাকা দিয়ে একে ভাণ্ডার কেন বলছে? ভাণ্ডার তো ছিল অর্পিতার খাটের নীচে বা মন্ত্রীদের ঘরে। মহিলারা এখন যা পাচ্ছেন, তা আসলে লুঠ করা টাকার যৎসামান্য জরিমানা মাত্র।”
মহম্মদ সেলিম স্পষ্ট জানান, বামেরা ক্ষমতায় এলে কোষাগারের টাকা সাধারণ মানুষের কাছেই যাবে। তাঁর যুক্তি, “আমরা দুর্নীতি এবং কাটমানি বন্ধ করতে পারব। সেই দুর্নীতির টাকা বাঁচালেই কোষাগারে টান পড়বে না এবং মহিলাদের তামিলনাড়ু বা কেরলের মতো অনেক বেশি টাকা দেওয়া সম্ভব হবে।” শুধু তাই নয়, আসন্ন নির্বাচনে বামেদের প্রার্থী তালিকায় আগের চেয়ে অনেক বেশি মহিলা মুখ দেখা যাবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। ১ মার্চ থেকেই রাজ্যজুড়ে জোরদার প্রচারে নামছে বামেরা। সেলিমের এই ‘বেশি টাকা’ দেওয়ার প্রতিশ্রুতি ভোটব্যাঙ্কে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।