সুপার-এইটে বড় চমক ভারতের! সহ-অধিনায়ককে বাদ দিয়েই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি সূর্যরা!

সুপার-এইটের প্রথম ম্যাচেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ম্যানেজমেন্ট। সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে নামল নীল ব্রিগেড। টসের আগে জল্পনা ছিল ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে অক্ষর একাদশে ফিরতে পারেন, কিন্তু অধিনায়ক সূর্যকুমার যাদব গত ম্যাচের জয়ী কম্বিনেশনের ওপরই ভরসা রাখলেন। অর্থাৎ, সুপার-এইটের শুরুতেও ভারতীয় একাদশে কোনো পরিবর্তন করা হয়নি।

রবিবার টস ভাগ্য অবশ্য সঙ্গ দেয়নি সূর্যকে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। টসের পর সূর্যকুমার জানান, টস জিতলে তিনিও প্রথমে ব্যাটিং করার কথাই ভেবেছিলেন। আমেদাবাদের উইকেটে রান তাড়া করা চ্যালেঞ্জিং হতে পারে, তবে ভারতীয় বোলারদের ওপর পূর্ণ আস্থা রয়েছে অধিনায়কের।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দল তাদের একাদশে চার-চারটি বড় পরিবর্তন এনেছে। কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন এবং অভিজ্ঞ ডেভিড মিলারকে ফিরিয়ে এনেছে প্রোটিয়া শিবির। গতবারের রানার্স-আপরা ভারতের বিরুদ্ধে কোনো ঝুঁকি নিতে নারাজ। ভারতের জন্য এই ম্যাচটি সেমিফাইনালের দৌড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহ-অধিনায়ককে বাইরে রাখার এই সাহসী চাল কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।