সহ-অধিনায়ককে ছাড়াই সুপার-এইটে ভারত! আমেদাবাদে টস জিতে ব্যাটিং প্রোটিয়াদের

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হলো ভারতের সুপার-এইট অভিযান। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া। তবে টস ভাগ্য আজ সঙ্গ দেয়নি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে। টস জিতে এদিন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।
ভারতের একাদশ: ম্যাচের আগে জল্পনা ছিল, ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলকে প্রথম একাদশে ফেরানো হতে পারে। কিন্তু টসের পর সূর্যকুমার স্পষ্ট জানিয়ে দেন, গত ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না ভারত। অর্থাৎ, অক্ষর প্যাটেলকে ছাড়াই সুপার-এইটের প্রথম লড়াইতে নামছে নীল জার্সিধারীরা। টস হারলেও সূর্য জানান, টস জিতলে তিনিও আগে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন।
প্রোটিয়া শিবিরে বড় রদবদল: ভারত অপরিবর্তিত দল নিয়ে নামলেও দক্ষিণ আফ্রিকা কিন্তু আজ ‘অল-আউট’ শক্তি নিয়ে ঝাঁপিয়েছে। একাদশে ফিরছেন কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন এবং ডেভিড মিলারের মতো চারজন অভিজ্ঞ তারকা। গতবারের রানার্স-আপদের লক্ষ্য শুরুতে বড় রান তুলে ভারতকে চাপে ফেলা।