বিয়ের মণ্ডপ থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ‘ভিলেন’ প্রাক্তন! বন্দুক ঠেকিয়ে নতুন বউকে ছিনতাই!

ওড়িশার বোলাঙ্গির জেলায় এক সিনেমার চিত্রনাট্যের মতো রোমহর্ষক অপহরণের ঘটনা ঘটেছে। বিয়ের সানাইয়ের রেশ কাটতে না কাটতেই নববধূর জীবনে নেমে এল চরম বিপর্যয়। বিয়ের অনুষ্ঠান সেরে বরের সঙ্গে যখন হাসিমুখে শ্বশুরবাড়ির পথে রওনা দিয়েছিলেন এক তরুণী, ঠিক তখনই মাঝপথে পথ আটকে তাঁকে অপহরণ করল তাঁরই প্রাক্তন প্রেমিক। অভিযোগ, বন্দুকের ভয় দেখিয়ে স্বামী এবং আত্মীয়দের চোখের সামনে থেকেই নতুন বউকে তুলে নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্ত ও তার সঙ্গীরা।
রবিবার ভোরে এই ঘটনাটি ঘটেছে বোলাঙ্গির জেলার তারভা সড়কের বাদাবান্ধা এলাকায়। জানা গিয়েছে, বোলাঙ্গির নিবাসী যুবক হরিবন্ধু প্যাটেল ধুমধাম করে বিয়ে করতে গিয়েছিলেন কান্তমাল এলাকায়। বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছিল। এরপর নিয়ম মেনে পরিবারের সদস্যদের নিয়ে কনেকে নিজের বাড়িতে ফিরছিলেন হরিবন্ধু। কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগেই ঘটে যায় চরম নাটকীয় ঘটনা।
পথিমধ্যে তারভা রোডে তিন যুবক একটি গাড়ি নিয়ে এসে বরের গাড়ির গতিরোধ করে। অভিযোগ অনুযায়ী, সেই দলে ছিল কনের প্রাক্তন প্রেমিক। গাড়ি থামিয়েই হরিবন্ধু এবং তাঁর সঙ্গীদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে দুষ্কৃতীরা। চোখের পলকে গাড়ি থেকে নতুন বউকে টেনে হিঁচড়ে বের করে নিজেদের গাড়িতে তুলে নেয় তারা। হরিবন্ধু বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। নিরুপায় স্বামী ও আত্মীয়দের চোখের সামনেই মুহূর্তের মধ্যে ধুলো উড়িয়ে চম্পট দেয় অপহরণকারীরা।
ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েন হরিবন্ধু। তিনি অবিলম্বে তারভা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছে তিনি জানান, তাঁর স্ত্রীকে বন্দুকের মুখে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীরা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তারভা থানার ইন্সপেক্টর-ইন-চার্জ (IIC) অনিতা কিদো ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তৎপরতার সাথে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে এবং অপহৃত তরুণীকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।