বিনা বিচারে খুন বাবা, আফগানিস্তানে নিষিদ্ধ ব্যাট-বল; ভারতের কাছে বাঁচার আর্জি খুদে পশতুন ক্রিকেটারের

তালিবানি শাসনে যেখানে নারীদের ঘরের বাইরে বেরনোই দায়, সেখানে ব্যাট-বল হাতে ২২ গজে দাপিয়ে বেড়াচ্ছে এক কিশোরী। নাম তার আইনা ওয়াজির। উত্তর ওয়াজিরিস্তানের তেহসিল শাওয়াহ অঞ্চলের এই পশতুন কন্যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু এই সাহসিকতার আড়ালে লুকিয়ে আছে এক বুক যন্ত্রণা। আইনার বাবা উমর গুলকে বিনা বিচারে হেফাজতে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে সরকারি বাহিনীর বিরুদ্ধে।

বাবার মৃত্যুশোক পাথর করে আইনা এখন স্বপ্ন দেখছে পেশাদার ক্রিকেটার হওয়ার। ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বোলিংয়ের গতি আর ব্যাটিংয়ের জৌলুস দেখাচ্ছে সে। কিন্তু আফগানিস্তানে মেয়েদের খেলাধুলা এবং উচ্চশিক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই নিজের দেশ ছেড়ে ভারতে আসার আকুতি জানিয়েছে এই কিশোরী। সে জানিয়েছে, “ওয়াজিরিস্তানে মেয়েদের পড়ার স্কুল নেই, আমি শিক্ষিত হতে চাই এবং বড় ক্রিকেটার হতে চাই।” ভারতের নিরাপদ আশ্রয়ে থেকে ক্রিকেট ও পড়াশোনা—উভয়ই চালিয়ে যেতে চায় সে। তালিবানি ফতোয়া উপেক্ষা করে আইনার এই লড়াই এখন বিশ্বজুড়ে চর্চার বিষয়।