৬০০ কোটির বাজেট, চাঁদের হাট যশের ‘টক্সিক’-এ; জানেন কি তারা সুতারিয়া বা হুমা কুরেশি কত পাচ্ছেন?

কন্নড় সুপারস্টার যশের পরবর্তী মেগা প্রজেক্ট ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ নিয়ে এখন বিনোদন দুনিয়ায় টানটান উত্তেজনা। গীতু মোহনদাসের পরিচালনায় এই অ্যাকশন থ্রিলার ছবিটির বাজেট প্রায় ৬০০ কোটি টাকা। সম্প্রতি ছবির তারকাদের পারিশ্রমিকের একটি তালিকা সামনে এসেছে, যা রীতিমতো চমকে দেওয়ার মতো। যশের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন বলিউড ও দক্ষিণ ভারতের একঝাঁক প্রথম সারির তারকা।
কার ঝুলিতে কত কোটি? ছবির প্রধান আকর্ষণ যশ এই সিনেমার জন্য নিচ্ছেন ৫০ কোটি টাকা। শোনা যাচ্ছে ছবিতে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। অন্যদিকে, লেডি সুপারস্টার নয়নতারা নিচ্ছেন ১২ কোটি টাকা। তবে পারিশ্রমিকের দৌড়ে নয়নতারাকে ছাপিয়ে গিয়েছেন কিয়ারা আডবাণী; তিনি নিচ্ছেন ১৫ কোটি টাকা। কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্ত পাচ্ছেন ৩ কোটি টাকা।
বলিউড সুন্দরীদের দর এই ছবির মাধ্যমেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখছেন তারা সুতারিয়া, যার জন্য তিনি নিচ্ছেন ২ কোটি টাকা। সমপরিমাণ অর্থাৎ ২ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন অভিনেত্রী হুমা কুরেশি। ১৯ মার্চ সিনেমাটি মুক্তি পেতে চলেছে। যশের এই নতুন লুক এবং বিশাল বাজেটের ছবি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।