বিয়েবাড়ির আনন্দ বদলে গেল বিষাদে! পার্কিং বিবাদে ব্যক্তির প্রাণ কাড়লেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার

রাজধানীর বুকে সামান্য পার্কিং বিবাদকে কেন্দ্র করে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড। দক্ষিণ দিল্লির আয়া নগরে রাস্তা ছাড়া নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। নিহতের নাম সন্দীপ লোহিয়া (৩৮)। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন সন্দীপের এক বন্ধুও। শুক্রবার অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।
বচসা থেকে প্রাণহানি ঘটনাটি ঘটে গত ২০ ফেব্রুয়ারি রাতে। পুলিশ জানিয়েছে, মৃত সন্দীপ লোহিয়া ও তাঁর বন্ধু ঋষি একটি মিনিট্রাকে করে ডি-জে অনুষ্ঠানের কাজ সেরে ফিরছিলেন। আয়া নগরের গণপতি গার্ডেনের কাছে পৌঁছলে তাঁরা দেখেন, একটি গাড়ি রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। সেই গাড়িটি সরাতেই রবি নামক ওই চালকের সঙ্গে তাঁদের বিবাদ শুরু হয়। বচসা চলাকালীন ৩২ বছরের রবি হঠাতই ছুরি বের করে দু’জনের ওপর হামলা চালায়। গুরুগ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্দীপকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
অভিযুক্তের দাবি ও পুলিশি পদক্ষেপ ধৃত রবি সোনিপতের বাসিন্দা এবং গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তিনি ওই এলাকায় একটি বিয়েবাড়িতে আমন্ত্রিত ছিলেন। পুলিশের কাছে রবির দাবি, ঝগড়ার সময় তাঁকে চড় মারা হয়েছিল, যার পালটা দিতেই তিনি ছুরি ব্যবহার করেন। তবে তিনি সে সময় মদ্যপ ছিলেন কি না তা জানতে রক্ত পরীক্ষা করা হচ্ছে। ফতেহপুর বেরি থানায় রবি’র বিরুদ্ধে খুন (১০৩-১) এবং খুনের চেষ্টার (১০৯-১) ধারায় মামলা রুজু হয়েছে।