অসম কংগ্রেসে ধস! ৩২ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে ভূপেন বোরা, বিধানসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক হিমন্তর

অসম বিধানসভা নির্বাচনের ঠিক মুখে এক বিশাল রাজনৈতিক রদবদল ঘটে গেল। দীর্ঘ ৩২ বছর কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর অবশেষে বিজেপিতে যোগ দিলেন অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন কুমার বোরা। রবিবার গুয়াহাটিতে বিজেপির রাজ্য সদর দফতর ‘বাজপেয়ী ভবন’-এ রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়ার হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। তাঁর সঙ্গেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন কংগ্রেসের আরেক দাপুটে নেতা সঞ্জু বোরাও। নির্বাচনের দিন ঘোষণার ঠিক আগে এই দলবদল অসমের রাজনীতিতে কংগ্রেসকে এক গভীর সংকটে ফেলে দিল।
অভিমান ও দলবদলের নেপথ্যে গত সপ্তাহেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন ভূপেন। সেখানে তিনি ‘আত্মসম্মান’ এবং ‘সাংগঠনিক কর্মহীনতা’ নিয়ে তাঁর উদ্বেগের কথা স্পষ্ট জানিয়েছিলেন। রাজনৈতিক মহলের মতে, তরুণ গগৈ-পুত্র গৌরব গগৈ-এর উত্থান এবং তাঁকে দলের বিশেষ দায়িত্ব দেওয়ার পর থেকেই কোণঠাসা বোধ করছিলেন ভূপেন। একসময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোর বিরোধী হিসেবে পরিচিত হলেও, গৌরব গগৈ-এর সঙ্গে দূরত্বের কারণেই শেষ পর্যন্ত তাঁর ‘চিরশত্রু’ হিমন্তর শিবিরেই আশ্রয় নিলেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা ও কংগ্রেসের প্রতিক্রিয়া জল্পনা শোনা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে লখিমপুর জেলার কোনো এক কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়বেন ভূপেন বোরা। এমনকি রাজ্যে ফের বিজেপি সরকার গড়লে তাঁকে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। অন্যদিকে, ভূপেনের দলত্যাগের পর প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ কটাক্ষ করে বলেছেন, “এবার লড়াই হবে কংগ্রেসের এ-টিমের সঙ্গে বি-টিমের।” পাল্টা জবাবে বিজেপি দাবি করেছে, ভোটের আগে অসমে কংগ্রেসের বাতি দেওয়ার মতো লোকও অবশিষ্ট থাকবে না। ১২৬ আসনের অসম বিধানসভায় এপ্রিলের গোড়াতেই ভোট হওয়ার কথা রয়েছে।