বাড়ির উঠোন থেকে বিশ্বকাপের ডাগআউট! আজ ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মুখোমুখি ‘মর্কেল’ ভাইয়েরা

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইট পর্বে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে এই লড়াই কেবল জসপ্রীত বুমরা বনাম কুইন্টন ডি’ককের নয়; মাঠের বাইরে ডাগআউটেও আজ এক অনন্য পারিবারিক লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট বিশ্ব। মুখোমুখি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার দুই কিংবদন্তি ভাই— মর্নি মর্কেল ও অ্যালবি মর্কেল। এক ভাই যখন ভারতীয় শিবিরকে জেতাতে স্ট্র্যাটেজি সাজাচ্ছেন, অন্য ভাই তখন মরিয়া নিজের দেশকে প্রথমবার বিশ্বকাপ এনে দিতে।
স্মৃতির উঠোন থেকে পেশাদার মঞ্চ ছোটবেলায় দক্ষিণ আফ্রিকার বাড়ির উঠোনে যে দুই ভাই একসঙ্গে ক্রিকেট খেলা শুরু করেছিলেন, আজ তাঁরা দুই বিপ্রতীপ মেরুর রণকৌশলী। মর্নি মর্কেল বর্তমানে ভারতীয় দলের বোলিং কোচ। বুমরা-সিরাজদের তুরুপের তাস সাজানোই তাঁর কাজ। অন্যদিকে, প্রাক্তন অলরাউন্ডার অ্যালবি মর্কেল দক্ষিণ আফ্রিকা দলের বিশেষজ্ঞ পরামর্শদাতা হিসেবে কাজ করছেন প্রধান কোচ শুকরি কনরাডের সঙ্গে। ক্রিকেটার হিসেবে দুজনেই প্রোটিয়া জার্সিতে দাপিয়ে বেড়ালেও, আজ মর্নির লক্ষ্য নিজের দেশকে হারিয়ে ভারতের জয়ের পথ প্রশস্ত করা।
কোচিংয়েও গুরুভাই মর্নি যে একজন দক্ষ বোলিং কোচ হয়ে উঠতে পারেন, তা প্রথম বুঝেছিলেন তাঁর দাদা অ্যালবি-ই। অ্যালবি জানিয়েছেন, তাঁরা কোচিংয়ের কেরিয়ারও প্রায় একসঙ্গেই শুরু করেছিলেন। মর্নির ওপর তাঁর অগাধ আস্থা থাকলেও আজ লড়াইটা মর্যাদার। ২০২৪ সালে ভারতের বোলিং কোচের দায়িত্ব নেওয়া মর্নির লক্ষ্য ভারতকে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করা। আর অ্যালবি চান দক্ষিণ আফ্রিকার দীর্ঘদিনের আইসিসি ট্রফি খরা কাটাতে। রক্তের সম্পর্ককে সরিয়ে রেখে আজ কোন ভাইয়ের মগজাস্ত্র শেষ হাসি হাসে, সেদিকেই তাকিয়ে ক্রিকেট দুনিয়া।