১৪ বোতল মদসহ ধরা পড়লেন মেহজাবীন? আইনি জটিলতায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী!

ওপার বাংলার ছোট পর্দার সুপারস্টার মেহজাবীন চৌধুরীকে ঘিরে উত্তাল সামাজিক মাধ্যম। সম্প্রতি বিদেশ থেকে ফেরার পথে বিমানবন্দরে তাঁর ব্যাগে ১৪ বোতল অবৈধ মদ পাওয়া গিয়েছে— এমন খবরে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, মেহজাবীনের সঙ্গে সেই সময় ছিলেন তাঁর স্বামী তথা পরিচালক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। আরও চাঞ্চল্যকর দাবি এই যে, রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাঁদের ছেড়ে দেয়। এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মেহজাবীনের কড়া জবাব পুরো বিষয়টি নিয়ে দীর্ঘ নীরবতা ভেঙে রবিবার মুখ খুলেছেন মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে তিনি এই সমস্ত অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। অভিনেত্রীর কথায়, “আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। কিছুদিন আগে একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানি করা হয়েছিল, যেখানে আদালত আমাকে অব্যাহতি দিয়েছেন। এখন আবার আমার মানহানি করার চেষ্টা চলছে।” মেহজাবীন আরও ইঙ্গিত দেন যে, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে বিকৃত ছবি ও ভিডিও তৈরি করে শিল্পীদের হেনস্থা করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

পুরানো আইনি জটিলতা ও বর্তমান পরিস্থিতি বিপদ যেন মেহজাবীনের পিছু ছাড়ছে না। গত বছরও আর্থিক কেলেঙ্কারি এবং লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তাঁর ও তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ঢাকার আদালত। সেই সময়ও মেহজাবীন আইনি ব্যবস্থার পথে হেঁটেছিলেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। বারবার কেন তিনি আইনি প্যাঁচে পড়ছেন, তা নিয়ে বিনোদন জগতে চলছে চুলচেরা বিশ্লেষণ। মেহজাবীন স্পষ্ট জানিয়েছেন, তিনি কেবল নিজের কাজেই ফোকাস করতে চান এবং তাঁর শুভাকাঙ্ক্ষীদের গুজবে কান না দিয়ে সত্যের পাশে থাকার অনুরোধ করেছেন।